মুক্তিযোদ্ধার অসহায় কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের রণাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন এ দেশের স্বাধীনতা। সমাজ সেবা করতে গিয়ে নির্বাচিত হয়েছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য। সেই মুক্তিযোদ্ধা সমাজসেবক এখন প্যারালাইজড হয়ে দারিদ্র্যের কশাঘাতে অসহায় বোবা কান্না কাঁদছেন।এ মুক্তিযোদ্ধার নাম আফজাল শেখ (৬০)। নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামে তাঁর বাড়ি। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে তিন সদস্যের সংসার। অন্য দুই মেয়ে বিয়ে দিয়েছেন। স্ত্রী শাহিদা বেগম (৫০) বলেন, ‘নিজেদের কোনো জমিজমা নেই। লোহাগড়া বাজারে ইজারাদারের সহযোগী হয়ে কিছু আয় হতো, অসুস্থ হওয়ায় এখন তাও বন্ধ। এক হাজার ৫০০ টাকা মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো আয় নেই। কীভাবে বেঁচে আছি, তা আল্লাহ জানেন। মেয়ে আবেদা সুলতানা জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। তার লেখাপড়ার খরচ জোগাতে না পারায় লেখাপড়া বন্ধ হওয়ার পথে।’আফজাল শেখ বলেন, ‘ছয়-সাত বছর আগে স্ট্রোক করে তিনি প্যারালাইজড হয়েছেন। গ্রামের লোকে কিছু টাকা তুলে দেয় চিকিত্সার জন্য। খুলনায় গিয়ে চিকিত্সক দেখিয়েও কোনো কাজ হয়নি। চিকিত্সার জন্য অনেক টাকা দরকার। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন এ দেশের মাটিতে ধুঁকে ধুঁকে মরছি।’নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও একাত্তরে লোহাগড়া থানার ডেপুটি কমান্ডার গোলাম কবির বলেন, আফজাল শেখ একজন সাহসী যোদ্ধা ছিলেন। শত্রু পরাস্ত করতে জীবন বাজি রাখতেন। এখন তাঁর এই অসহায় অবস্থায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা দরকার।