মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় মীর আবদুর রাজ্জাক নামে এক মুক্তিযোদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় বাবাকে বাঁচাতে তাঁর দুই মেয়ে এগিয়ে এলে সন্ত্রাসীদের আঘাতে তাঁরাও আহত হন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক স্থানীয় বিত্তিপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই এলাকার হান্নান মোল্লার বাড়ির সামনে ২৫-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আবদুর রাজ্জাকের আর্তচিৎকারে তাঁর দুই মেয়ে আফরোজা খাতুন ও রাকিবা সুলতানা বাবাকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা তাঁদেরও জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আফরোজা খাতুনকে লাঠিপেটা করা হয়েছে। আর রাকিবা সুলতানার মাথায় ধারালো অস্ত্রের আঘাত করায় তাঁর মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তাঁরা দুজনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।আবদুর রাজ্জাকের ছোট ভাই আবু হাসান তারেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাইয়ের (আবদুর রাজ্জাক) ডান পায়ের হাঁটুর নিচে ও বাম হাতের কনুইয়ের নিচে অনেকটা অংশ কেটে ঝুলে গেছে। ওই জায়গায় লোহার রড দিয়ে সোজা করে রাখা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত তাঁর জ্ঞান না ফেরায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মীর আবদুর রাজ্জাক গত বছর ইউপি নির্বাচনে সদস্য পদে হান্নান মোল্লা ও জলিল মণ্ডলের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচন করেন। নির্বাচনে রাজ্জাক হেরে গেলেও প্রতিপক্ষ হান্নান মোল্লা, জলিল মণ্ডল ও আজিম মণ্ডলের লোকজন তাঁর বিরুদ্ধে নানা চক্রান্ত শুরু করে। এরই জেরে এই হামলার ঘটনা ঘটেছে।আবদুর রাজ্জাকের ছোট ছেলে রাকিবুল হাসান প্রথম আলোকে অভিযোগ করে বলেন, গত শনিবার তাঁর বাবাকে তারা মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তিনি মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এ খবর জানার পর মণ্ডল ও মোল্লা পক্ষের লোকজন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মীর আবদুর রাজ্জাক প্রথম আলোর এই প্রতিনিধিকে বলেন, ‘জলিল মণ্ডল ও আদালত মণ্ডল মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল। আমি তাদের বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছি, এই হচ্ছে আমার অপরাধ।’ঘটনা প্রসঙ্গে জানতে জলিল মণ্ডলের ছেলে লিয়াকত মণ্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতেই মামলা হয়েছে। হান্নান মোল্লা, আহাতাব উদ্দিন মৃধা, বাচ্চু মোল্লা ও সুলতান মোল্লা নামে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।প্রসঙ্গত, কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া জেলা শাখার নির্মিত রাজাকার চত্বরে টাঙানো রাজাকারের তালিকায় আদালত মণ্ডল ও জলিল মণ্ডলের নাম রয়েছে।