মুক্তিযোদ্ধার কিশোর ফুটবলারদের বাসে শিবিরের হামলা
হরতাল আহ্বানকারী জামায়াত-শিবিরের হাত থেকে রক্ষা পেল না ফুটবলাররাও। ঘটনাটা গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট মোহামেডানের বিপক্ষে খেলে ফেরার পথে ধানমন্ডিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কিশোর ফুটবলাররা হামলার শিকার হয়। হরতালের সমর্থনে স্লোগান দিয়ে জামায়াত-শিবিরের জঙ্গি সমর্থকেরা খেলোয়াড়দের বহনকারী বাসের জানালা ভেঙে ফেলে লাঠির আঘাতে। কাচের টুকরায় ও লাঠির আঘাতে আহত হয়েছে অন্তত চার ফুটবলার। তাদের মাথায় ও হাতে আঘাত লেগেছে।মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম গতকাল রাতে জানিয়েছেন, ‘আবাহনী ক্লাবের উল্টো দিকের রাস্তায় মুক্তিযোদ্ধার বাসটিকে থামায় হরতালের সমর্থনে মিছিল করতে থাকা একদল যুবক। তারপর হঠাৎ তারা বিক্ষুব্ধ হয়ে উঠে আমাদের বাসের দিকে এগিয়ে আসে। লাঠি নিয়ে আক্রমণ চালায় বাসে থাকা খেলোয়াড়দের ওপর। হঠাৎ এই আক্রমণে ছেলেরা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। হামলায় চোট পেয়েছে অন্তত চারজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু আঘাত কতটা গুরুতর, সেটা এখনই বলতে পারছি না।’ ঘটনার পর পুলিশি পাহারায় ক্লাবে পৌঁছে দেওয়া হয় খেলোয়াড়দের বহনকারী বাসকে।