প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর পর মন্ত্রণালয় থেকে সনদ নেওয়ার হিড়িক
মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ঠেকাতে চার মানদণ্ড
যাঁরা ভুল ব্যাখ্যা দিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে ভুয়া সনদ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর পর মন্ত্রণালয় থেকে সনদ নেওয়ার হিড়িক পড়ে। এ অবস্থায় ভুয়া সনদ নেওয়া ঠেকাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হস্তক্ষেপ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ নভেম্বর সংস্থাপনসচিবের কাছে চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করার পর এ সুবিধা নিতে অনেকেই নানা ভুল ব্যাখ্যার মাধ্যমে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সনদ নেওয়ার চেষ্টা করছেন। এ জন্য চারটি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এসব মানদণ্ডের ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযোদ্ধা গণকর্মচারী হিসেবে বিবেচনা করতে হবে। চার মানদণ্ড অনুযায়ী যেসব কর্মকর্তা-কর্মচারী সরকারি চাকরিতে প্রবেশের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন, যাঁদের নাম মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, মুক্তিযোদ্ধা হিসেবে যাঁদের নাম গেজেটে প্রকাশিত হয়েছিল অথবা মুক্তিযোদ্ধা হিসেবে যাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ গ্রহণ করেছেন, তাঁদের চাকরির বয়সসীমা বাড়বে। সরকার চাকরির বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় গত বছরের ডিসেম্বর থেকে।এসব মানদণ্ডের বাইরে যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন বা সনদ নিয়েছেন, তাঁদের চাকরিকাল ৫৭ বছরই হবে। তাঁদের কেউ অবসরে না গিয়ে অতিরিক্ত মেয়াদে চাকরি করতে থাকলে তা বাতিল হবে।গতকাল মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়ে তাদের অধীন সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনকে চার মানদণ্ড অনুযায়ী সিদ্ধান্ত নিতে বলা হয়।জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়ার পর আমরা প্রতিটি মন্ত্রণালয়কে আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।’ তিনি বলেন, চাকরির বয়সসীমা বাতিলের বিষয়সহ সব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যাঁরা ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রণালয় থেকে সনদ নিয়েছেন, তাঁদের ব্যাপারে তদন্তের জন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হবে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দেশের বাইরে আছেন। তিনি ফিরলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।সচিব বলেন, মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বাড়ানোর পর থেকে সনদ নেওয়ার হিড়িক পড়ে গেছে। প্রতিদিন হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী সনদের জন্য মন্ত্রণালয়ে এসে তাগাদা দিচ্ছেন। তাঁদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাব-রেজিস্ট্রার, ব্যাংকার, পুলিশ ও কাস্টম কর্মকর্তারাও রয়েছেন। প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানোর পর তিনি মুক্তিযুদ্ধবিষয়ক ও সংস্থাপন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামের এই কমিটির কাজ হচ্ছে যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রত্যয়নপত্র দিতে সুপারিশ করা। কিন্তু অভিযোগ আছে, কাউন্সিল সঠিকভাবে এ কাজ করতে পারছে না।সূত্র জানায়, চাকরির বয়সসীমা বাড়ানোর পর মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত আট হাজার ৭১৭ জন কর্মকর্তাকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় থেকে এক লাখ ৫০ হাজার ৩৭টি সাময়িক সনদ দেওয়া হয়েছে।সূত্র জানায়, এ পর্যন্ত জাতীয় তালিকায় প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ দুই হাজার ৫৫৮ জন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচন, ২০১০-এর ভোটার তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৬২ হাজার ৩৫৫ জন, গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৭৪৫ জন, মুক্তিবার্তায় প্রকাশিত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৫৪ হাজার, ইবিআরসি তালিকায় প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৮ হাজার ৯৩ জন, কল্যাণ ট্রাস্টের তালিকায় প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৯ হাজার ৮৩৩ জন।এর আগে গত ২০ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে প্রত্যয়নপত্র দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, চাকরির বয়সসীমা ৫৭ থেকে দুই বছর বাড়িয়ে ৫৯ করার পর বিভিন্ন দপ্তরে কিছু অসাধু ব্যক্তি মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ নিচ্ছেন। কেউ কেউ মুক্তিযোদ্ধা না হয়েও ভুল ব্যাখ্যা দিয়ে প্রত্যয়নপত্র নিয়ে অতিরিক্ত সময় চাকরি করছেন বলেও অভিযোগ রয়েছে। অথচ স্বাধীনতার ৩৮ বছরেও তাঁরা কখনো নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশ করেননি। এ অবস্থায় কোনো রাজাকারও যদি এ রকম সুবিধা পেয়ে যান, তবে তার দায় সরকারের ওপর এসে পড়বে।গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর পর অনেকেই নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন। কোনো খোঁজখবর না নিয়ে ব্যাপক হারে মুক্তিযোদ্ধা সনদও দেওয়া হচ্ছে। সনদ দেওয়ার আগে যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী ডিও দিলেই তাঁকে সনদ দেওয়া চলবে না।