মুক্তিযোদ্ধার মা ছখিনা খাতুন বড় অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কষ্ট হয়েছে, তবুও দেশের জন্য ছেলেকে যুদ্ধের মাঠে পাঠিয়েছিলাম। নিজ বাড়িতে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রেখেছি, রান্না করে খেতে দিয়েছি। মুক্তিযোদ্ধার মা হওয়ায় রাজাকারদের অত্যাচার সহ্য করতে হয়েছে। ছেলেকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে না দেওয়ায় নির্যাতনও করা হয়েছে, অথচ আজ আমি বড় অসহায়। আমার খোঁজ কেউ রাখে না।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেয়ে পড়েন যুদ্ধকালীন সময়ের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাদের কমান্ডার ওলাদ হোসেনের বৃদ্ধা মা ছখিনা খাতুন। ৯০ বছর বয়সের এই মা জীবনের শেষ সময়ে এসে শীতের একটা কাপড়ের জন্য থরথর করে কাঁপছেন, আর কান্নাকাটি করছেন। ছখিনা খাতুন দুঃখ করে জানান, অন্য দুটি ছেলে তাঁর খোঁজখবর রাখেন না। একটা জায়নামাজের অভাবে গামছা পেতে নামাজ পড়েন। ঠিকমতো তিনবেলা খাবার জোটে না তাঁর। তিনি বলেন, ‘সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক করছেন, আমার জন্য কিছু করবেন না ?’ ছখিনা খাতুন জানান, তাঁদের বাড়ি কালীগঞ্জ উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে। ছেলে ওলাদ হোসেন মেধাবী ছাত্র ছিল। বিএস পাস করার পর দেশে যুদ্ধ শুরু হয়। সে সময় সে কালীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছিল। তার বাবা সমশের আলী তখন বেঁচে আছেন। ‘ওলাদ হোসেন একদিন বাড়িতে এসে বলে দেশের মানুষকে বাঁচাতে হবে। আমি যুদ্ধে চলে যাচ্ছি।’ এ কথা শোনার পর খুব কষ্ট হলো। কান্না পেল তাঁর। তবুও চোখের পানি আটকে রেখে ছেলেকে উত্সাহ দিলেন, পাঠিয়ে দিলেন যুদ্ধের মাঠে। যুদ্ধের সময় ওলাদ হোসেন ছিল মুক্তিযোদ্ধাদের কালীগঞ্জ থানা কমান্ডার। ছেলে যুদ্ধে যাওয়ার কারণে স্থানীয় রাজাকারেরা তাঁর ওপর অনেক নির্যাতন করেছে। তবুও তিনি কষ্ট পাননি। কারণ তাঁর আশা ছিল ছেলে দেশ স্বাধীন করে বাড়ি ফিরবে। ওলাদ হোসেন দেশ স্বাধীন করে বাড়িও ফিরেছিলেন। স্বাধীন দেশের বয়স যখন এক মাস, তখন একদিন কালীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে দুলালমুন্দিয়ায় সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে। আজ পর্যন্ত সে খুনের বিচার হয়নি। ছখিনা খাতুন জানান, ছেলে যুদ্ধের পর মারা যাওয়ায় তিনি শহীদ মুক্তিযোদ্ধার মা হতে পারেননি। আবার ওলাদ হোসেনের স্ত্রী-সন্তানও নেই। তাই মুক্তিযোদ্ধার সব সুযোগ-সুবিধা থেকে তিনি বঞ্চিত রয়েছেন। তাঁর বড় ছেলে গোলাপ হোসেন আর ছোট ছেলে নুরুল আমিন কৃষিকাজ করে সংসার চালায়। তাঁরা কিছুটা সচ্ছল হলেও মায়ের খোঁজ রাখে না। যে কারণে তিনি আজ বড়ই অসহায়। তাই বেশির ভাগ সময় তাঁকে আত্মীয়স্বজনের বাড়িতে কাটাতে হয়। ওলাদ হোসেনের সহযোদ্ধা মুক্তিযুদ্ধের কালীগঞ্জ থানার ডেপুটি কমান্ডার হেলাল উদ্দিন সরদার বলেন, ‘দেশ স্বাধীন করার জন্য ওলাদ হোসেনের যে ভূমিকা তা জাতি কী দিয়ে শোধ করবে। অন্তত তাঁর মা বৃদ্ধ বয়সে একটু ভালো থাকুক, এই কাজটুকু আমরা করতে পারি না?’ এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘মহিলার অসহায় অবস্থার কথা শুনেছি। কিন্তু সরকারি নিয়মে ভাতা দেওয়ার সুযোগ না থাকায় দিতে পারছি না। তবে তিনি চাইলে বয়স্ক ভাতা পেতে পারেন, প্রয়োজনে সে ব্যবস্থা নেব।’