মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই প্রভাবশালীর দখলে!
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন স্বাধীনতার ৩৮ বছরেও পাননি মাথা গোঁজার ঠাঁই। সরকারিভাবে তাঁকে খাস জমি বন্দোবস্ত দিলেও প্রভাবশালী দখলবাজ চক্রের কারণে তিনি ওই ভূমির দখল পাচ্ছেন না। মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন জানান, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে অংশ নিয়ে ১৮ অক্টোবর তিনি গুলিবিদ্ধ হন। তাঁর বাম পায়ে গুলি লাগায় তিনি পঙ্গুত্ব বরণ করেন। নাছির উদ্দিনের অভিযোগ, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পাইলগাঁও মৌজার ২১৪ নং দাগের ৯৮ শতক ভূমি বন্দোবস্ত পান। কিন্তু একই এলাকার প্রভাবশালী দখলবাজ নওয়াজ আলী তাঁর ভূমি জোরপূর্বক দখল করে রাখেন। তিনি স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করলেও কোনো সুফল পাননি। অন্যদিকে প্রভাবশালী নওয়াজ আলী চক্র ওই ভূমি নিয়ে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করায় মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন তাঁর মাথা গোঁজার ঠাঁই ফিরে পাচ্ছেন না। নাছির উদ্দিন সরকার থেকে মাসিক এক হাজার টাকা ভাতা ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় অন্যের বাড়িতে খুব কষ্টে দিনযাপন করছেন।নাছির উদ্দিন আক্ষেপ করে বলেন, এই স্বাধীন দেশে দখলবাজ চক্রের কারণে আমাদের পরাধীনের মতো বসবাস করতে হচ্ছে।অভিযুক্ত নওয়াজ আলী বলেন, ‘ওই জায়গা দীর্ঘদিন ধরে আমাদের দখলে আছে। আমরা ওই জায়গার মালিকানা নিয়ে সুনামগঞ্জের সহকারী জজ আদালতে মামলা করেছি।’ জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব রসরাজ বৈদ্য বলেন, নাছির উদ্দিন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। স্বাধীন দেশে একখণ্ড মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য আর কত যুদ্ধ করতে হবে তা তো জানি না।রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ বলেন, নাছির উদ্দিন একজন অসহায় মুক্তিয়োদ্ধা বিষয়টি আমাদের জানা আছে। আইনি জটিলতার কারণে তাঁর বন্দোবস্তকৃত ভূমি দখলবাজদের কাছ থেকে উদ্ধার করা যাচ্ছে না। তিনি অবিলম্বে মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের দখলকৃত ভূমি ফিরিয়ে দিতে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি জানান।