মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও আদিবাসীদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সাধনা হালদারের প্রশ্নের জবাবে সংসদকাজে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান।বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩১৯ জন সরকারি কর্মকর্তা ওএসডি ছিলেন। ২০০১ সালে ২৪১ জন, ২০০২ সালে ২৫৮ জন, ২০০৩ সালে ৩২২ জন, ২০০৪ সালে ২৯৪ জন, ২০০৫ সালে ৩৪৭ জন, ২০০৬ সালে ৪০৪ জন এবং ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৭৯ জন কর্মকর্তা ওএসডি ছিলেন। ২০০৭ ও ২০০৮ সালের এ সংক্রান্ত হিসাব দেওয়া হয়নি।সংবিধানে উল্লেখ নেই: ইমাজউদ্দিন প্রামানিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, সংসদের কাছে বিচার বিভাগের জবাবদিহির বিষয়টি সংবিধানে উল্লেখ নেই। সংবিধানের ৫৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ তাদের সব কাজের জন্য সংসদের কাছে জবাবদিহি করবে।এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ঢাকা জেলার বিভিন্ন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে আট হাজার ৬১৫টি মামলা বিচারাধীন রয়েছে। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, নিম্ন আদালতে বিচারাধীন পাঁচ বছরের অধিক পুরোনো মামলাকে দীর্ঘমেয়াদি মামলা হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে জেলা জজ আদালতে এক লাখ ৩৭ হাজার ৫৪টি, বিচারিক হাকিমের আদালতে ৮০ হাজার ৯২৮টি এবং মহানগর হাকিমের আদালতে ১৯ হাজার ২০টি মামলা বিচারাধীন রয়েছে।সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, বর্তমানে দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও তা বাধ্যতামূলক নয়। বিচারের দীর্ঘসূত্রতা কমানোর জন্য সরকার দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে। এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনটি হয়ে গেলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় অপরাধ তদন্তের স্বার্থে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক করা হয়েছে।কক্সবাজারে সি-সাইড অ্যাকুরিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা: লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, ইতিহাস সংরক্ষণের জন্য কক্সবাজারের সাগরপাড়ে সি-সাইড অ্যাকুরিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে। রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচ হাজার ৫৬৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে রেকর্ড পরিমাণ ২২৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা আয় হয়েছে।সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।