মুক্তিযোদ্ধার সন্তান না পেলে নাতি দিয়ে কোটা পূরণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা সরকার বন্ধ করবে না। ৩০ শতাংশে যদি মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া না যায়, তবে তাঁদের নাতি-নাতনিদের ওই কোটায় চাকরি দেওয়া হবে।গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠনের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ঠেকাতে ও বিলম্বিত করতে বিভিন্ন শক্তি ষড়যন্ত্র করছে। পৃথিবীর কোনো শক্তিই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবে না। মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠনগুলোকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, আদালত পঞ্চম সংশোধনী বাতিল করার পর বাহাত্তরের সংবিধান পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে। ওই সংবিধানের ৩৮ নম্বর ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা যায়।চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করার তাগিদ দেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম। তিনি বলেন, যারা এই বিচার-প্রক্রিয়া নস্যাৎ করতে চায়, তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক, জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।