মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য পাবলিক সার্ভিস কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। খবর বাসস ও ইউএনবির।জাতীয় খেতাবপ্রাপ্ত, জাতীয় পদকপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ কল্যাণ পরিষদের একটি প্রতিনিধিদল আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। সংগঠনের সভাপতি হেমায়েত উদ্দিন বীর বিক্রম ও মহাসচিব এম এ মাজেদের নেতৃত্বে ১১ সদস্যের এই প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এবং তা সমাধানের অনুরোধ জানায়।শেখ হাসিনা অত্যন্ত ধৈর্যসহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। এ ছাড়া যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিজ নিজ এলাকায় আবাসনের ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৩৯ বছর পরও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মুক্তিযোদ্ধারা অনেক কষ্টে আছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আহ্বান জানান।এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।পাকিস্তানের হাইকমিশনের সাক্ষাত্: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশী আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় তাঁরা আসন্ন সার্ক সম্মেলনে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসং¬িশ্লষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বৈঠকে তাঁরা দুই দেশের সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালীকরণের বিষয়ে আলোচনা করেন।