মুক্তিযোদ্ধার সন্তানদের না পেলে তাদের আসন পূরণ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ আসন কঠোরভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া না গেলে মেধাতালিকা থেকে নির্ধারিত ওই কোটা পূরণ করা যাবে না। ওই আসন সংরক্ষিত থাকবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকে ন্যূনতম পাস নম্বর পেলেই মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরিতে নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিচার বিভাগীয় সার্ভিসেও তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। আগে বিচার বিভাগীয় সার্ভিসে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি মানা হতো না। গত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ আসন সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছিল। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ৩০ ভাগ কোটা থাকলেও মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া না গেলে মেধাতালিকা থেকে তা পূরণ করা হতো।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী ও নারী কোটা কঠোরভাবে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া না গেলে ওই কোটা সংরক্ষিত থাকবে। বিজয় দিবসে সম্মিলিত কুচকাওয়াজ: সূত্র জানায়, বৈঠকে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত কুচকাওয়াজ হতো। তবে গত বছর বিডিআর বিদ্রোহের কারণে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হয়নি। গতকাল বৈঠকে আলোচনা হয়, এবার এসএ গেমস আছে। এ ছাড়া মার্চ মাসে গরম থাকে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানের ব্যাপারে বৈঠকে অনেকে মত দেন।অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের সিদ্ধান্ত: দেশে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হবে। তবে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। এ ছাড়া মঞ্জুরি কমিশন পুনর্গঠন করা হবে। এ সংক্রান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন গতকালের বৈঠকে অনুমোদিত হয়। এই আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার ব্যাপারে কঠোর শর্তারোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, শাখা খুলতে হলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অবকাঠোমো এবং প্রশাসনিক কাঠামো থাকতে হবে। এ ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার ক্ষেত্রে কড়া শর্তারোপ করা হয়েছে। এ ছাড়া গতকাল বৈঠকে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের বিলের অনুমোদন দেওয়া হয়। এতে এসিড আমদানি, উত্পাদন, পরিবহন, বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ এবং এসিডের অপব্যবহারে কঠোর শাস্তির বিধান করা হয়েছে।বৈঠকে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যালোচনাও করা হয়। এ সময়ে মোট ৩১৭টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৩৮টি বাস্তবায়ন, ৭৯টি বাস্তবায়নাধীন আছে। ৮৯টি আইনের মধ্যে ৬৬টি পাস হয়েছে। বিবেচনাধীন ১৩টি, প্রক্রিয়াধীন আছে ১০টি। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ: প্রধানমন্ত্রী বৈঠকে মন্ত্রী ও সচিবদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোনো ফাইল যাতে আটকে না থাকে। সরকারের পরিশ্রমের সুফল যেন জনগণের দোরগোড়ায় পৌঁছায় সে জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।