মুক্তিযোদ্ধারা জানেন না আইনি সহায়তার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধাই জানেন না যে দেশে বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার বিধান আছে এবং তাঁরাও এ সহায়তা পেতে পারেন। এ বিষয় নিয়ে কথা হয় মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরীর (৬০) সঙ্গে। যুদ্ধ চলাকালীন ভারতে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। করিম জুট মিলে সহকারী উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। ২০০৭ সালে তিনি অবসর নিয়েছেন। ‘মুক্তিযোদ্ধাদের আইনি সহায়তা’ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। স্বাধীনতার ৩৯ বছর হয়ে গেলেও তিনি এ পর্যন্ত মুক্তিযোদ্ধা ট্রাস্ট থেকে কোনো সহায়তা পাননি। অবসরে যাওয়ার পর যে টাকা পেয়েছেন তা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন। এখন তিনি নিঃস্ব, অসহায়। তাঁর গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানায়। বরিশালের রামেরচরে তাঁর নিজস্ব আট একর ২৬ শতাংশ জমি আছে। কিন্তু ২০১০ সালের জানুয়ারি মাস থেকে এ জমি নিয়ে শুরু হয়েছে বিপত্তি। পূর্বশত্রুতার জের ধরে পাশের এলাকার কিছু কুচক্রী দলের সহায়তায় তাঁর জমিতে একটি এনজিও ঘর তোলে। এ খবর শোনার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত থানায় অভিযোগ করেন। থানার উপপরিদর্শক (এসআই) মৌখিকভাবে তাদের ঘর ওঠাতে বারণ করলেও এনজিও এবং তাদের মদদদাতাদের সহায়তায় কথা বলেন। ১৪৪ ধারা জারির মামলা করা হয়।অবৈধভাবে ঘর ওঠানোর পরিপ্রেক্ষিতে। পরে বরিশাল এডিএম কোর্টে মামলা চলাকালীন এক দিনও হাজির হয়নি এনজিও কর্তৃপক্ষ। এখানে কোনো সুফল না পেয়ে তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যান। অথচ সেখানে ১০ দিনের মধ্যে সাত দিনেই চূড়ান্ত প্রতিবেদনে দেওয়া হয়। এরই মধ্যে এসব ঘটনা যারা ঘটাচ্ছে অর্থাৎ তাঁর শত্রুরা তাঁর জমি থেকে ফসল চুরি করে। এমনিতে তাঁর অসহায় অবস্থা। আবার ফসল চুরির মামলা করেন; কিন্তু তাতেও কোনো সুবিধা করতে পারেননি। থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘুষ খেয়ে সব মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। তিনি এ মামলার খরচ জোগাতে জোগাতে নিঃস্ব হয়ে পড়েছেন। এমন দুঃসহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে অনেক অসহায় মুক্তিযোদ্ধাকে। অথচ আমাদের দেশেই মুক্তিযোদ্ধাদের আইনি সহায়তা পাওয়ার জন্য আইন রয়েছে। দুস্থ, সহায়-সম্বলহীন মুক্তিযোদ্ধারা এ আইনের আওতায় বিনা মূল্যে আইনি সহায়তা পেতে পারেন। ২০০০ সালে স্বাধীনতার প্রায় ২৯ বছর পর বাংলাদেশের জনগণের আইনগত সহায়তা পাওয়ার জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ নামে একটি আইন প্রণীত হয়। তবে অনেক মুক্তিযোদ্ধাই এ আইন সম্পর্কে জানেন না।আইনি সহায়তা কারা পাবেন২০০০ সালে প্রণীত এ আইনের ধারার ৭(ক)-এর বিধান মতে, ২০০১-এ আইনগত সহায়তা প্রদান নীতিমালা প্রণীত হয়, তাতে নির্দিষ্টভাবে কারা এ আইনের সহায়তা পাবেন তা উল্লেখ করা হয়। এতে ২ নম্বর ধারায় প্রথমেই বলা হয়, মুক্তিযোদ্ধাদের কথা এবং এখানে পাঁচ ধরনের অবস্থার কথা বলা হয়। কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ছয় হাজার টাকার ঊর্ধ্বে আয় করতে অক্ষম এমন অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধারা ‘আইনগত সহায়তা আইন ২০০০’-এর সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। জেলা পর্যায়ে রয়েছে জেলা কমিটি। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আছে ইউনিয়ন কমিটি, আছে আইনগত সহায়তা প্রদান সংস্থা। দরিদ্র মুক্তিযোদ্ধারা এখানে আবেদন করতে পারেন। তবে এসব বিষয়ে প্রচার খুবই কম। এ আইনের ধারা ২৪-এর ক্ষমতাবলে ‘আইনগত সহায়তা প্রবিধানমালা ২০০১’ প্রণয়ন করা হয় । এখানে কীভাবে আবেদন করা যায় এবং আইনজীবী মনোনয়নের কথা উল্লেখ আছে। এ বিধান মতে, একজন মুক্তিযোদ্ধা জেলা কমিটির অধীন তালিকাভুক্ত আইনজীবীদের পছন্দমতো আইনজীবী নিযুক্ত করতে পারবেন। দেশের সাতটি জেলায় (ঢাকা, গাজীপুর, যশোর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, রাজশাহী) বিধবা, অসহায় দুস্থ, সহায়-সম্বলহীন বিশেষ করে মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধাদের আইনি সহায়তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ‘বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রজেক্ট (বিএলআরপি)’। তবে এ আইনি সহায়তা পাওয়ার বিষয়ে প্রচারের রয়েছে অভাব। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাদের বিনা মূল্যে আইনি সহায়তা প্রদানে পাইলট প্রজেক্ট কাজ করে যাচ্ছে। তবে শুধু সাতটি জেলায় নয়, প্রতিটি জেলায় আলাদা করে আইনি সহায়তা অফিস খোলার ব্যবস্থা করা হবে। আইনে মুক্তিযোদ্ধাদের বার্ষিক আয় ছয় হাজার টাকার কথা বলা হলেও তারা ৬০ হাজার থেকে এক লাখ টাকা বার্ষিক আয় যেসব মুক্তিযোদ্ধার, তাদের আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে সুপারিশ করবেন বলে জানান।