মুক্তির আনন্দে লিন্ডসে !
অবশেষে সব মামলা আর কয়েদ খাটার ঝামেলা থেকে মুক্তি মিলল বহুল আলোচিত হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের। মুক্তির আনন্দ উদযাপনে প্রায় ৫০ জন সঙ্গীকে নিয়ে ২৯ মার্চ গভীর রাত পর্যন্ত পার্টিতে মেতেছিলেন ২৫ বছর বয়সী এই ‘মিন গার্লস’ তারকা।মামলার সাজার অংশ হিসেবে আদালতের নির্দেশে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মর্গে কমিউনিটি সার্ভিসসহ থেরাপি সেশন ঠিকভাবে সম্পন্ন করায় ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছে লিন্ডসেকে। জানিয়েছে টিএমজি।২৭ মার্চ থেরাপি সেশন শেষ করার পরের দিন লস অ্যাঞ্জেলেস কাউন্টি মর্গে শেষবারের মতো কমিউনিটি সার্ভিসে অংশ নিয়েছেন তিনি। কোনো রকম ফাঁকি না দিয়ে আদালতের সব নির্দেশ পালন করায় তাঁর ওপর সন্তুষ্ট হয়ে ২৯ মার্চ অনুষ্ঠিত মামলার শুনানিতে তাঁকে মুক্ত ঘোষণা করেছেন বিচারক স্টেফানি সটনার।লিন্ডসেকে মুক্তি দেওয়ার সময় ভবিষ্যতে তাঁকে পার্টিতে মেতে না ওঠারই পরামর্শ দিয়েছিলেন বিচারক স্টেফানি। কিন্তু সে উপদেশ অমান্য করে ওই রাতেই লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে গভীর রাত পর্যন্ত পার্টিতে মেতে ওঠেন লিন্ডসে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, ‘বছরের পর বছর মামলা আর সাজা পোহাতে পোহাতে হাঁপিয়ে উঠেছিলেন লিন্ডসে। আর তাই মুক্তির স্বাদকে স্মরণীয় করে রাখতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। পার্টি চলে ভোর রাত পর্যন্ত। অবশ্য সেখানে অ্যালকোহল পরিবেশিত হলেও তার এক ফোটাও নাকি গলায় ঢালেন নি লিন্ডসে!’এদিকে লিন্ডসের মুখপাত্র স্টিভ হনিং জানিয়েছেন, ‘হ্যাঁ, ২৯ মার্চ রাতে পার্টির আয়োজন করেছিলেন লিন্ডসে। কিন্তু সেটা ছিল স্রেফ বিপদের সময় যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানানোর উদ্দেশে।’হনিং বলেন, ‘সেই ২০০৭ সাল থেকে মামলার ঝামেলায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল লিন্ডসের জীবন। দুঃসহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিরা। তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কোনো উদ্দেশ্যে এই পার্টির আয়োজন করা হয়নি।’