মুক্তির জানালা
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমি রাজশাহী জেলে ছিলাম। আমরা ছিলাম রাজবন্দী। রাজবন্দীদের একসঙ্গে রাখা হতো না। তবে আমি যে ওয়ার্ডে ছিলাম, সেই ওয়ার্ডে আরও কয়েকজন রাজবন্দী ছিলেন।ঢাকায় একুশে ফেব্রুয়ারি কী ঘটেছিল, জেলখানায় বসে তাত্ক্ষণিকভাবে আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। ঘটনা আমরা জানতে পারি আরও পরে। রাজবন্দী হিসেবে আমরা জেলখানায় দৈনিক পত্রিকা পেতাম। কিন্তু সেই পত্রিকা আসত আইবি (ইনটেলিজেন্স ব্রাঞ্চ) অফিসের ছাড়পত্র পাওয়ার পর। জেলখানা অফিস থেকে প্রথমে কাগজটি পাঠানো হতো আইবি অফিসে। সেখানকার কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতেন, কোন খবর আমাদের জন্য বিপজ্জনক কোনটি বিপজ্জনক নয়। তারপর সেই বিপজ্জনক খবরটি কাঁচি দিয়ে কেটে বাকি পত্রিকা আমাদের কাছে পাঠানো হতো।দিনক্ষণ ঠিক মনে নেই। একুশে ফেব্রুয়ারির পরদিন বা তার পরের দিন হবে। আমরা কজন রাজবন্দী একটি ঘরে ছিলাম। সেই সময় আইবি দ্বারা সেন্সর হওয়া একটি দৈনিক পত্রিকা আমাদের হাতে দেওয়া হলো। আমার স্পষ্ট মনে আছে, আমি খুব আগ্রহের সঙ্গে পত্রিকাটি দেখি এবং তখনই চিত্কার করে সহবন্দী কমরেডদের বলতে থাকি—দ্যাখো দ্যাখো, পত্রিকা কোথায়? সবই তো কাঁচিকাটা। পত্রিকার পুরো একটি পাতাই আইবি অফিস কেটে রেখে দিয়েছে। আমি বললাম, এখানে একটি বিরাট জানালা বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের মুক্তির জানালা। নিশ্চয়ই পত্রিকার এই কাটা জানালায় আমাদের জন্য বড় কোনো খবর ছিল, যা পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের জানতে দিতে চায়নি। গোপন করতে চেয়েছে। এ তো কোনো পত্রিকা নয়, মুক্তির বিরাট জানালা।এ কথা বলে আমরা পরস্পরকে আলিঙ্গন করতে লাগলাম। এই বার্ধক্য বয়েসে ঘটনাটি আমার মনে পড়ছে। এটাই হলো আমার একুশে ফেব্রুয়ারির স্মৃতি।২.একুশে ফেব্রুয়ারি আমি জেলখানায় থাকলেও ভাষা আন্দোলনের সূচনাপর্বে কিন্তু বাইরেই ছিলাম। তখনো কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। ১৯৪৮ সালের মার্চ মাসে মুহাম্মদ আলী জিন্নাহ যেদিন রেসকোর্স ময়দানে বক্তৃতা দিলেন, সেদিন আমি সেখানেই ছিলাম। জিন্নাহ সাহেব ঘোষণা দিলেন ‘Urdu and only urdu shall be the state language of Pakistan.’ শ্রোতাদের মধ্যে তখন গুঞ্জন উঠল। অনেকেই বিষয়টি সহজে মানতে পারল না। জিন্নাহ সাহেব তখন বললেন, ‘খামোশ ছে বৈঠ যাও।’ পরদিন কার্জন হলের বক্তৃতায়ও তিনি একই কথা বললেন। পেছনের সারি থেকে ছাত্ররা ‘নো নো ’ধ্বনি দিয়ে উঠল।৩.১৯৫৫ সালে জেলখানায় থাকতেই আমি পাকিস্তান গণপরিষদের সদস্য হই, প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে। জেল থেকে ছাড়া পাওয়ার পরও পাকিস্তান সরকার আমার ওপর কড়া নজরদারি করেছে। একবার আমি গণপরিষদের সভায় যোগ দিতে করাচিগামী বিমানে উঠেছি । তখন তেজগাঁওয়ে বিমানবন্দর। দেখছি, বিমান ছাড়ছে না। কিছুক্ষণ পর দেখা গেল একজন পুলিশ কর্মকর্তা বিমানে উঠে যাত্রীদের উদ্দেশ করে বললেন, ‘হু ইজ সরদার ফজলুল করিম?’ আমি আগেই সতর্ক ছিলাম। সিট থেকে উঠে দাঁড়িয়ে বললাম,‘ আমিই সরদার ফজলুল করিম।’ তখন পুলিশ কর্মকর্তা আমাকে বললেন, ‘ইউ প্লিজ কাম ডাউন উইথ মি। ইউ আর আন্ডার অ্যারেস্ট।’সেই বিমানে অন্যান্য গণপরিষদ সদস্যের সঙ্গে শেখ মুজিবুর রহমানও ছিলেন। তিনি ছিলেন সামনের সারিতে, আমি পেছনে। বিমান থেকে নামার সময় তাঁকে লক্ষ করে বললাম, মুজিব ভাই, দ্যাখেন আমাকে নিয়ে যাচ্ছে। করাচিতে গণপরিষদে গিয়ে তিনি প্রশ্ন রেখেছিলেন, আমাদের সদস্যকে (গণপরিষদ) কেন আটক করা হয়েছে? এরপর বেশ কবার আমি করাচিতে গিয়েছি এবং গণপরিষদের অধিবেশনেও যোগ দিয়েছি।৪.আমি যখন শিক্ষকতা করেছি, তখন ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে মনে হয়েছে, দর্শনের মতো কঠিন ও জটিল বিষয়গুলো মাতৃভাষায় শিক্ষা দেওয়া প্রয়োজন। প্রাচীন গ্রিস থেকে আধুনিক কাল পর্যন্ত সবই তো তাদের জানতে হবে, বুঝতে হবে। ইংরেজিতে তারা ভালোভাবে বুঝতে পারে না। এ কারণে আমি দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু বিখ্যাত বই বাংলায় অনুবাদ করেছি। এই বইগুলো এখনো মূল্যবান। এর মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য হলো দর্শনকোষ। অধ্যাপক আবদুর রাজ্জাককে বইটি দিলে তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ‘সরদার, ইউ হ্যাভ ডান এ জব।’ ভাষা আন্দোলন নিয়ে আমার বেশ কিছু লেখা আছে। সেই সে কাল কিছু স্মৃতি, কিছু কথা বইয়েও সে সময়ের নানা ঘটনা উঠে এসেছে। তবে ‘শহীদ মিনার না মিনারের শহীদ’ শিরোনামে আমার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ আছে। আশির দশকে প্রায় প্রতিবছরই শহীদ মিনার দখল নিয়ে পাল্টাপাল্টি হতো। কে আগে পতাকা ওঠাবে, সে নিয়ে মারামারি হতো। তখনই প্রবন্ধটি লিখেছিলাম।৫.রাজশাহী জেলের আরেকটি ঘটনার কথা মনে পড়ে। জেলখানার লাইব্রেরিতে আমরা একটি বই পাই। বইটির নাম ডিপ্লোম্যাট। এতে একজন কূটনীতিকের অভিজ্ঞতার কথা আছে, যিনি সীমান্ত পাড়ি দিয়ে স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়নে ঢুকেছিলেন। সোভিয়েতের কৃষক ও শ্রমিকদের কথা আছে বইটিতে। আমার কাজ ছিল জেলখানার সহরাজবন্দী যারা ইংরেজি জানেন না, তাঁদের পড়িয়ে শোনানোর। জেলখানায় আমাদের সহবন্দী ছিলেন অভিরাম সিং, ডোমা রাম সিং, কল্পরাম সিং প্রমুখ। তাঁরা সকালে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে বলতেন, আপনি আমাদের বই পড়ে শোনাবেন না? আমি তাঁদের না শুনিয়ে পারিনি। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালে আমি যে দর্শনের বই অনুবাদ করেছি, হয়তো তার প্রেরণাও পেয়েছিলাম জেলখানার সহবন্দী কৃষকদের কাছ থেকে।