২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলায় ৬০ বছরের সাজা পাওয়া আসামি মো. গিয়াসউদ্দিনকে কারাগারের গেটে আবার গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি ওই সময়ে দায়ের হওয়া ১২টি মামলার মধ্যে দুটি মামলার যাবজ্জীবন কারাদণ্ডভুক্ত আসামি।আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ তাঁকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে। তবে তাঁকে কোন মামলায় আটক করা হয়েছে, তা জানায়নি পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, জেলগেট থেকে নগরে সিরিজ বোমা হামলা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেএমবির সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মামলা রয়েছে। যেকোনো সময় জঙ্গি তত্পরতা চালাতে পারে—এমন আশঙ্কায় তাঁকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।তবে বরিশাল কেন্দ্রীয় কারা তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার আসামি মো. গিয়াসউদ্দিন উচ্চ আদালত থেকে আজ জামিন পান। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে কি না, তা জানি না।’প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সংঘটিত বোমা হামলায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ভবন, জজ কোর্ট কম্পাউন্ড, প্রধান ডাকঘরসহ ১৮টি স্থানে বোমা বিস্ফোরিত হয়। ওই মামলার আসামি ছিল মো. গিয়াসউদ্দিন।