নরসিংদীর পৌরসভা মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজ মঙ্গলবার জামিন পেয়েছেন। তবে মুক্তি পাওয়ার পর কারাফটকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালত সূত্র জানায়, তৃতীয় দফায় রিমান্ড শেষে নুরুলকে আজ দুপুরে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে চতুর্থ দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। বিচারিক হাকিম এই আবেদন নামঞ্জুর করে নুরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তদন্তের প্রয়োজনে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আদালতের নির্দেশে নুরুলকে কারাগারে নেওয়ার পর বেলা তিনটার দিকে আসামিপক্ষের আইনজীবীরা জেলা ও দায়রা জজের আদালতে জামিনের আবেদন করেন। আইনজীবীরা আদালতকে বলেন, তৃতীয় দফায় রিমান্ড শেষেও লোকমান হত্যাকাণ্ডে নুরুল ইসলামের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তা ছাড়া এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে ১১ জন জামিনে রয়েছেন। অন্যদিকে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি অনুযায়ী, নাজমুল হাসান ওরফে কিলার শরীফ লোকমান হোসেনকে গুলি করে হত্যা করেছেন। কী কারণে, কীভাবে লোকমানকে হত্যা করা হয়েছে এবং অস্ত্রের জোগানসহ পুরো ঘটনার উল্লেখ আছে জবানবন্দিতে। এর কোথাও নুরুল ইসলামের নাম পাওয়া যায়নি। তাই তাঁকে জামিন দেওয়া যেতে পারে। বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন নামঞ্জুর করতে আদালতকে অনুরোধ জানান। শুনানি শেষে বিচারিক হাকিম মোহাম্মদ শাহজাহান মিয়া নুরুলের জামিন মঞ্জুর করেন।নুরুল জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুম মুনিরা প্রথম আলোকে জানান, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) বিল্লাল হোসেন হত্যা মামলায় নুরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।লোকমান হোসেনকে গত বছরের ১ নভেম্বর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ পর্যন্ত মামলায় নুরুল ইসলামসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে নুরুলসহ ১২ জন এবং আরও দুজন বর্তমানে জামিনে আছেন।