মুক্তির বারতা নিয়ে বৈশাখ
অতিকায় এক কুমির মুখ ব্যাদান করে আছে। তার স্ফিত উদরটি স্বচ্ছ। ফলে বিগত ৪০ বছর যা কিছু ভক্ষণ করেছে, তা স্পষ্টভাবে দৃশ্যমান। অতি ভয়ানক এই প্রাণীটি কায়দা-কৌশলেও জবরদস্ত। যখনই তাকে আটক করার উদ্যোগ নেওয়া হয়েছে, সে বেরিয়ে গেছে সুকৌশলে। এবার কিন্তু বেকায়দায় পড়ে গেছে সেই হিংস্র কুমির। বহু লোক তাকে পাকড়াও করে ফেলেছে চারপাশ থেকে। কেউ কেউ উঠে গেছে তার পিঠে। ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাবু করে ফেলেছে তাকে। পাক্কা ৩৫ ফুট লম্বা এই কুমিরটি থাকবে এবার পয়লা বৈশাখে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায়।দারুণ কর্মব্যস্ততা চলছে কুমিরটিকে পরিকল্পনামাফিক তৈরি করতে। কুমিরের সঙ্গে আরও থাকবে ২২ ফুট উঁচু একটি কাকাতুয়া, ২০ ফুট উঁচু ময়ূরপঙ্খী, ১০ ফুট উঁচু দুটি সুন্দরবনের বাঘের মুখ। আর থাকবে মানিকগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের নকশার আদলে ফুল ও পাখির একটি সমন্বিত ভাস্কর্য। এটি উঁচু হবে ২২ ফুট ও লম্বায় ১২ ফুট। এতে রয়েছে চারটি ফুল ও পাতার গুচ্ছ। তার ফাঁকফোকরে বসে থাকা চারটি পাখি এবং একেবারে মাথার ফুলটির ওপরে এক ডানা মেলা ময়ূরপঙ্খী। বাঁশ-কাঠ দিয়ে কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এরপর এসবের ওপর কাগজ, খড় যে ক্ষেত্রে যা প্রয়োজন তেমন উপকরণ দিয়ে মুড়িয়ে তারপর দেওয়া হবে রঙের প্রলেপ। আঁকা হবে নকশা। গতকাল রোববার অনুষদ চত্বরে গিয়ে দেখা গেল রীতিমতো উৎসবের আমেজ। ছোট ছোট দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা কাজ করছেন। কেউ তৈরি করছেন ভাস্কর্যগুলোর অবকাঠামো। কেউ মুখোশ। কেউ সরা চিত্রণে নিমগ্ন। অন্যরা জলরঙে ছবি আঁকছেন। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও আছেন কর্মযজ্ঞে। মুখোশ, ছবি, চিত্রকলা—এসব আবার বিক্রির জন্য আছে জয়নুল গ্যালারির সামনে প্রদর্শনীর ব্যবস্থা। ক্রেতাও আসছেন অনেকে। বিক্রির অর্থেই সম্পন্ন হবে বৈশাখী উৎসব। এবার উৎসবের স্লোগান ‘এসো সত্য এসো সুন্দর এসো মুক্তি’।প্রতিবছরই মঙ্গল শোভাযাত্রায় একটি প্রধান ভাবনা থাকে। সেটি প্রধান প্রতীক করে ফুটিয়ে তোলা হয়। এবারের ভাবনা ‘যুদ্ধাপরাধীদের বিচার’। হিংস্র কুমিরটি তৈরি করা হচ্ছে যুদ্ধাপরাধীদের প্রতীক হিসেবে। স্বচ্ছ আবরণ দিয়ে পেট তৈরি হবে। ফলে পেটের ভেতরটা দেখা যাবে। শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে কাজ করছিলেন শ্যামল চন্দ্র সরকার, আমিনুল ইসলাম, মানবেন্দ্র ঘোষ, মুর্তজা মোনায়ারের নেতৃত্বে বিরাট কর্মী বাহিনী। তাঁরা জানালেন, কুমিরটির পেটে থাকবে নানা ধরনের উপকরণ। এতে যুদ্ধাপরাধীদের কর্মকাণ্ড প্রকাশ পাবে। আর পিঠের ওপরে থাকবে অস্ত্র হাতে ছোট ছোট মানুষের প্রতিকৃতি। জনতা কুমিরটিকে ঘিরে ফেলেছে। এবার আর তার পালানোর পথ নেই। এরই মধ্য দিয়ে দেশব্যাপী যুদ্ধাপরাধীদের বিচারের গণদাবিকে উপস্থাপন করা হবে।বৈশাখবরণের প্রস্তুতি সম্পর্কে অনুষদের ডিন অধ্যাপক এ হ ম মতলুব আলী বললেন, ‘চারুকলা অনুষদ দেশের ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আবহমান বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা ও সংরক্ষণের জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭০ সালে এখানেই প্রথম নবান্ন উৎসবের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতা পরবর্তী সময়েও আমরা অব্যাহত রেখেছি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। বাঙালি সংস্কৃতির চেতনা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সমন্বিত। সে কারণে নববর্ষের শোভাযাত্রায় লোক সংস্কৃতির নানা উপাদান-উপকরণের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার অনুষঙ্গ হিসেবে কিছু প্রতীক একত্রে উপস্থাপন করি। “মঙ্গল শোভাযাত্রা” এই নামের মধ্যেই এর উদ্দেশ্য ও ইতিবাচকতার প্রকাশ লক্ষণীয়। আমরা খুবই গুরুত্বের সঙ্গে উৎসবের জন্য মাসখানেক ধরে প্রস্তুতি নিতে থাকি। ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকেরাও অংশ নেন। শিক্ষার্থীরা এতে হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা লাভ করে। তা ছাড়া প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে অংশ নেন। এতে করে একটা পুনর্মিলনীর মতো ব্যাপারও ঘটে যায়।’উৎসব হবে চার দিন। বুধবার চৈত্রসংক্রান্তি। সন্ধ্যায় বকুলতলায় লোকগানের আসর। বিদায় জানানো হবে ১৪১৭ বঙ্গাব্দকে। পরদিন নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। পরের দুই দিন যাত্রাপালা। শুক্রবার মুঘল এ আজম এবং শনিবার দেবী সুলতানা। চারুকলার শিক্ষার্থীরাই মূলত এতে অংশ নেবেন। সত্য সুন্দর মুক্তির এই উৎসবে শামিল হতে এখন চলছে অগণিত বাঙালির প্রহর গোনার পালা।