বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মিথ্যা তুমি দশ পিঁপড়া। মেজবাউর রহমানের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন শিবু কুমার শীল। নাটকটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান। এখানে অভিনয় করছেন জয়া আহসান। কথা হলো তাঁর সঙ্গে।‘গেরিলা’ ছবিটি এখনো প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। এরপর নতুন কোনো ছবির ব্যাপারে কিছু ভেবেছেন?কয়েকটির ব্যাপারেই আলোচনা হচ্ছে। আমিও একটু দেখেশুনে এগোতে চাইছি। কারণ, গেরিলা ছবির জন্য আমি দর্শকদের কাছ থেকে যে প্রশংসা পেয়েছি, পরেরটির ব্যাপারে তাই খুব বেশি সতর্ক আছি। গেরিলা ছবির নতুন খবর হলো, শিগগিরই ছবিটি প্রদর্শনীর শততম দিন পূর্ণ করতে যাচ্ছে। শুরু থেকে ছবিটি বলাকা ও স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় তো আপনার জন্ম হয়নি... হ্যাঁ, আমার জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে। মুক্তিযুদ্ধ আমি দেখিনি, কিন্তু গেরিলা ছবিতে কাজ করার সময় তা একবারও মনে হয়নি। শুটিংয়ের পুরো সময়টায় মনে হয়েছে, আমি নিজেই যুদ্ধ করছি। পুরো ছবিতে পরিচালক নাসির উদ্দীন ইউসুফ মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র আর সময়টা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আর আমার চেষ্টা ছিল, আমাকে এক মুহূর্তের জন্যও যেন জয়া মনে না হয়। ছবির বিলকিস হয়ে ওঠার চেষ্টা করেছি।‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ ধারাবাহিকে কবে কাজ করেছিলেন?তা প্রায় আড়াই বছর আগে। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে মিথ্যা যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং এর প্রভাব যে কত ভয়াবহ, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। নাটকে আমি চলচ্চিত্রের হিরোইন হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছি। শেষে স্বপ্ন ভঙ্গ হওয়ায় গ্রামে ফিরে যাই। চরিত্রটির নাম মালতী। মজার চরিত্র। মালতীর মতো মেয়েদের কিন্তু আমাদের আশপাশে খুব দেখা যায়। আপনি তো ধারাবাহিক নাটকে তেমন অভিনয় করেন না। এবারের চিত্রটা দেখছি অন্য রকম।মিথ্যা তুমি দশ পিঁপড়া তো অনেক আগে করেছি। ইদানীং করছি অনিমেষ আইচের ২৬ পর্বের ধারাবাহিক পথ গেছে বেঁকে। অনেক দিন পর পারিবারিক গল্পের একটি ধারাবাহিকে কাজ করছি। আর চৈতা পাগল ধারাবাহিকের শুটিং শেষ। নাটকের শেষ অংশে বিধবা আলতার একটা বড় অংশ থাকবে। ওই অংশটুকু আমার খুব ভালো লেগেছে। আর যা করছি, সেগুলো এক ঘণ্টার নাটক।