মুক্তির ৩১ দিন পরই ঢাকায় ‘মিশন ইমপসিবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিশন ইমপসিবল’ সিরিজের চতুর্থ ছবি গোস্ট প্রটোকল প্রথম দেখানো হয় দুবাইয়ে, গত বছরের ৭ ডিসেম্বর। এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশে ছবিটি মুক্তি পায় ২১ ডিসেম্বর। মুক্তির মাত্র ৩১ দিন পর ২০ জানুয়ারি ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গোস্ট প্রটোকল। টম ক্রুজ প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন ব্র্যাড বার্ড। বরাবরের মতো এবারও এজেন্ট ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ। ভারতীয় ধনাঢ্য ব্যবসায়ীর চরিত্রে আছেন অনিল কাপুর।ছবির গল্পে মস্কোতে এক ‘নিরপরাধ’ মিশন নিয়ে যায় ইথান হান্ট। কিন্তু আপাতদৃষ্টিতে ‘নিরপরাধ’ সেই মিশনেই সব ওলট-পালট হয়ে যায়। ভয়াবহ এক বিস্ফোরণে ধ্বংস হয় ক্রেমলিন। ঘটনাটিকে ‘অঘোষিত যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে রাশিয়া। অন্যদিকে মার্কিন সরকার ওই ঘটনার জন্য ইথান হান্টের ফোর্সকে দায়ী করে তাদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয়। আর ইথানকে বলা হয়, কে বা কারা তার দলকে সন্ত্রাসী বলে ফাঁসিয়েছে তা খুঁজে বের করার জন্য। মিশন শুরু করার আগেই একের পর এক হামলায় বিভ্রান্ত হয়ে পড়ে ইথান।... সাড়ে ১৪ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে ছবিটি। আর এরই মধ্যে আয় করেছে সাড়ে ৪৬ কোটি মার্কিন ডলার।