মুখ খুলছেন না বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী বিচারের প্রথম রায় নিয়ে তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে চাইছেন না প্রধান বিরোধী দল বিএনপির নেতারা।আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। এ রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এড়িয়ে গেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত দলীয় কোন নির্দেশনা নেই। এ কারণে কেউ কোন মন্তব্য করছেন না। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির এক ধরণের অবস্থান আছে। কিন্তু মামলায় রায় নিয়ে বিএনপির অবস্থান কী হবে, সে বিষয়ে এখনো নির্দেশনা নেই। এ কারণে ‘স্পর্শকাতর’ বিষয়টি নিয়ে নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন না।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিচার চলছে। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির, সাবেক আমিরসহ শীর্ষস্থানীয় ছয় নেতারও বিচার চলছে।বিচার শুরু হওয়ার পর থেকে এই বিচারের বিরোধিতা করে আসছে জামায়াতে ইসলামী। তারা প্রকাশ্যে এই বিচার বন্ধ করারও দাবি জানিয়েছে। বিএনপি সরাসরি এ ধরনের কোনো অবস্থান না নিলেও দীর্ঘদিন থেকে দলটি অভিযোগ করে আসছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার এই বিচার করছে। সর্বশেষ গতকাল রোববারও দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এক অনুষ্ঠানে অভিযোগ করেছিলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন করছে। তবে প্রথম রায় ঘোষণার পর তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।তাঁর মতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়াসহ বেশ কয়েকজন নেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। তাঁদের কেউ কেউ বলেছেন, দলের পক্ষ থেকে এ নিয়ে বক্তব্য দেওয়া হবে।তবে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ রায় নিয়ে তাঁর সন্তুষ্টি বা অসন্তুষ্টি নেই। তিনি বলেন, কারণ তিনি বাহাত্তর সালে এই অপরাধের বিচার চেয়েছিলেন, কিন্তু পাননি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, উল্টো তাঁরাই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে ঘুরছেন। তিনি বলেন, সঠিক বিচার করলে আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হলে সমস্যা। চার-পাঁচজনের বিচার করলে এই সিম্বলিক বিচার দিয়ে কী হবে। তিনি বলেন, যাঁরা উপস্থিত, তাঁদের বিচার আগে না করে যিনি পলাতক, তাঁর বিচার আগে করা হলো। এটা কোনো নাটক কি না, এ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।