সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় গ্রেপ্তার হওয়া শাহেন শাহ ঠাকুর মুখ খুলছেন না। গত দুই দিনের জিজ্ঞাসাবাদে এ ঘটনা নিয়ে তিনি কিছুই বলেননি বলে দাবি করেছে পুলিশ। গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) লুৎ ফুল কবীর বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, শাহেন শাহ একা নয়, তার পেছনে অবশ্যই কোনো চক্র রয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে এসব কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। শাহেন শাহ দাবি করেছেন, তিনি নিজেই বিক্রি করার জন্য প্রশ্ন জোগাড় করেছিলেন।’ সরকারি ছাপাখানা থেকে গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় গত মঙ্গলবার শাহেন শাহকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ঘটনার পর এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। মামলা ও গ্রেপ্তারের পর শাহেন শাহকে দুই দিনের রিমান্ডে নিয়ে গুলশান থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। গতকাল রিমান্ড শেষ হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘শাহেন শাহ কোনো কিছুই স্বীকার করেনি। আজ আবার তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।’ পুলিশ জানায়, শাহেন শাহ সরকারি ছাপাখানায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মহাখালীর সরকারি প্রেস থেকে অন্তর্বাসের নিচে করে একটি প্রশ্নপত্র নিয়ে তিনি বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রেসম্যান সালামের সন্দেহ হলে তিনি তাঁর দেহ তল্লাশি করে প্রশ্নপত্রের কপিটি পান। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দেওয়া হয়।