মুখ খুললেন সাইফ (ভিডিও)
লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বড় ছেলে সাইফ আল-ইসলাম সাংবাদিকদের সামনে তাঁর গ্রেপ্তার এবং আহত হওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন। খবর রয়টার্সের।গত রোববার লিবিয়ার জিনতান শহরে সাংবাদিকদের সামনে সাইফ বলেছেন, এক মাস আগে ন্যাটোর হামলার সময় তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন।সাক্ষাত্কারে সাইফ বলেছেন, ‘আমরা যখন বানি ওয়ালিদ ছেড়ে যাচ্ছিলাম, তখন যোদ্ধারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ২৬ জন শহীদ ও অনেকে গুরুতর আহত হন।’সাইফের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও দুটি আঙুলে ব্যান্ডেজ লাগানোর বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘এক মাস আগে ওয়াদি জমজমের কাছে আমি হাতে আঘাত পাই। তবে লিবিয়ানদের ধন্যবাদ যে তারা ওই সময় আমাদের ওপর হামলা করেনি। হামলাটি করেছিল কিছু বিশ্বাসঘাতক। কথা ছিল জিনতানে আমি চিকিত্সা নেব। আমাকে জানানো হয়েছিল যে জিনতান শহরে হাসপাতাল সুবিধা আছে, যেখানে আমার সুচিকিত্সা হতে পারে—ছিল অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও, যা ছিল আমার জন্য খুবই জরুরি।’গত শনিবার লিবিয়ার জিনতান শহরে সাইফ আল-ইসলামকে গ্রেপ্তারের পর লিবিয়ার একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়া হয়।এর আগে ১৯ অক্টোবর পালিয়ে যাওয়ার সময় ত্রিপোলির কাছে বানি ওয়ালিদে ন্যাটোর বিমান হামলার মুখে তাঁদের গাড়িবহর আটকা পড়ে। এর ঠিক এক দিন পরই সাইফের বাবা গাদ্দাফি তাঁর নিজ শহর সিরতে আটক হওয়ার পর সৈন্যদের হাতে নিহত হন।