মুখ থুবড়ে পড়েছে কলসেন্টারগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সম্ভাবনাময় কলসেন্টার শিল্প কার্যত মুখ থুবড়ে পড়ে আছে। এ জন্য সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুরুতে ব্যাপক উৎসাহের সঙ্গে লাইসেন্স দেওয়া হলেও পরে অবকাঠামোসহ প্রয়োজনীয় সহযোগিতা করেনি সরকার। তেমনি উদ্যোক্তারাও দক্ষ জনবলের ঘাটতিসহ বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে পারেননি।কলসেন্টারের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহক-ক্রেতাদের পরামর্শ ও সমস্যার সমাধান দিয়ে থাকে। এটি আউটসোর্সিং ব্যবসার একটি অংশ। যেমন যুক্তরাষ্ট্রের একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান তার গ্রাহকদের সেবা দিতে পারে চট্টগ্রামে অবস্থিত একটি কলসেন্টারের মাধ্যমে। ২০০৮ সাল থেকে মাত্র পাঁচ হাজার টাকায় কলসেন্টারের লাইসেন্স দেওয়া শুরু হয়। এ ব্যবসার মাধ্যমে কোটি কোটি ডলার আয় করা সম্ভব এমন ধারণা দেওয়ার ফলে অনেকেই লাইসেন্স নিতে হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এরই মধ্যে বেশির ভাগ উদ্যোগ বন্ধ হয়ে গেছে। এ খাতে তিন ধরনের মিলিয়ে ৪৮৯টি লাইসেন্স দেওয়া হলেও ৪৫৬টিই অচল। ইতিমধ্যে ৪৮টি লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে। বাকিগুলোরও বেশির ভাগ চলছে ধুঁকে ধুঁকে। যেসব সমস্যা এগোতে দিচ্ছে না: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, বর্তমানে কলসেন্টারের যাবতীয় কার্যক্রম চালাচ্ছে ৭০ প্রতিষ্ঠান। সন্তোষজনকভাবে চালু রয়েছে মাত্র ৩৫টি। ঢাকায় ৩০টি, চট্টগ্রামে চারটি ও সিলেটে একটি। তবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বিএসিসিও) হিসাবে দেশে সচল কলসেন্টারের সংখ্যা মাত্র ৩৩টি। তবে বিদ্যুৎ ঘাটতিসহ বিভিন্ন কারণে ওই ৩৩টিও সার্বক্ষণিক সচল নয়।বিএসিসিওর অভিযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিকল্প সাবমেরিন কেব্ল না থাকায় তারা ব্যবসা এগিয়ে নিতে পারছে না। প্রথম লাইসেন্স দেওয়ার সময় পরিচালনা খরচ ছিল প্রতিবেশী ভারতের তুলনায় অনেক কম। কিন্তু বর্তমানে বিদ্যুৎ-সংকটের কারণে বিকল্প ব্যবস্থা নিতে গিয়ে খরচ অনেক বেড়ে গেছে। বাংলাদেশ একটি মাত্র সাবমেরিন কেবেলর সঙ্গে যুক্ত থাকায় বিদেশি গ্রাহকেরা এখান থেকে সেবা নেওয়াটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন।বিটিআরসির প্রস্তাবের বাস্তবায়ন নেই: বিটিআরসি এ পর্যন্ত বেশ কয়েকটি গঠনমূলক প্রস্তাব তৈরি করলেও কোনোটাই বাস্তবায়িত হয়নি। বিটিআরসির প্রস্তাবের মধ্যে ছিল কলসেন্টার লাইসেন্সধারীদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সংযোগ, ব্রডব্যান্ড সংযোগে ভর্তুকির পরিমাণ বাড়ানো, ইংরেজি ভাষা, কারিগরি প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা এবং বিকল্প সাবমেরিন কেব্ল স্থাপনের ব্যবস্থা। বিটিআরসির প্রস্তাবে বলা হয়েছে, এ খাতের মাধ্যমে অগণিত শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করে পোশাকশিল্পের চেয়েও বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।অভিযোগ রয়েছে, বিটিআরসির এসব প্রস্তাবের বিষয়ে পরে আর কোনো ধরনের তদারকি করা হয়নি। এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস ‘কাজের চাপের’ দোহাই দিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘টুজি লাইসেন্স, গেটওয়ে লাইসেন্সসহ সমসাময়িক বিভিন্ন কাজের চাপে বিটিআরসি এ নিয়ে খুব একটা আগাতে পারেনি। তবে প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।’ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিটিআরসির প্রস্তাবকে ‘খুবই যৌক্তিক’ আখ্যা দিয়ে তা বাস্তবায়নে মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল। কিন্তু পরে তারাও এ নিয়ে আর কোনো খোঁজ নেয়নি।বিষয়টি স্বীকার করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সরকার, মন্ত্রণালয় ও প্রশাসনের উদাসীনতায় কলসেন্টার নিয়ে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। আশা করি সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।’ সংসদীয় কমিটি কেন খোঁজ নেয়নি—এ প্রশ্নের জবাবে তিনিও সচিবের মতো ব্যস্ততার যুক্তি দেন।কলসেন্টার লাইসেন্স বাতিল ও ফেরত দেওয়া সম্পর্কে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ জানান, প্রথমে যাঁরা চেয়েছেন তাঁদেরই এ লাইসেন্স দেওয়া হয়েছিল। যোগ্যতাও যাচাই করা হয়নি। আর লাইসেন্সের দাম মাত্র পাঁচ হাজার টাকা হওয়ায় হুজুগের বশে অনেকেই তা কিনেছিলেন। জিয়া আহমেদ বলেন, শর্ত অনুযায়ী ছয় মাসের মধ্যে সেবা কার্যক্রম শুরু করতে না পারায় অনেক লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকে যোগ্যতা যাচাই করে লাইসেন্স দেওয়া হয়েছে।সম্ভাবনাময় বিশাল বাজার: সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশের কলসেন্টার স্থানীয় সময় সারা রাত যুক্তরাষ্ট্রের মতো অন্য গোলার্ধের দেশের গ্রাহকদের সেবা দিতে পারে। এ ছাড়া নিম্ন মজুরি এশিয়াসহ তৃতীয় বিশ্বের দেশে এ ব্যবসা প্রসারের বড় কারণ। কলসেন্টার কার্যক্রমকে বিজনেস প্রসেস আউটসোর্সিংও (বিপিও) বলা হয়। ২০০৯ সালে বিশ্বে বিপিওর বাজার ছিল ৬৪১ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরে তা ছিল ৩৮২ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এ শিল্পে আয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এ খাত থেকে তাই দেশের বৈদেশিক মুদ্রার আয় অনেক বাড়ানো সম্ভব বলে বিশ্বাস করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ স্বীকার করেছেন, মূলত দক্ষ জনবল ও প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের অভাবে কলসেন্টার-গুলোর এমন বেহাল দশা। তিনি বলেন, কলসেন্টারের মূল পুঁজি ইংরেজি ভাষায় কর্মীদের অনর্গল কথা বলার দক্ষতা। বাংলাদেশ এখনো এদিকে পিছিয়ে।বিএসিসিওর অভিযোগগুলো প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ খাতের সমস্যা দূর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার।