দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে বিরোধ
মুখ দেখাদেখি বন্ধ তাঁদের!
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যে বিরোধ দেখা দিয়েছে। চেয়ারম্যানের দুটি সুপারিশ আমলে না নেওয়া এবং চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় লেখা সাইনবোর্ড মুছে ফেলায় এই বিরোধের সূত্রপাত। বিরোধের কারণে পাঁচ দিন ধরে তাঁরা পরস্পর কথা বলছেন না, এমনকি কেউ কারও মুখও দেখছেন না। সরেজমিনে জানা গেছে, ইউনিয়নভিত্তিক কাজি নিয়োগ ও বোয়ালমারী গ্রামে খাসজমির বন্দোবস্ত নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলামের সঙ্গে ইউএনও সোনিয়া আফরিনের মতবিরোধ হয়। ১৮ জুলাই উপজেলা পরিষদ ভবনের দোতলায় ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়’ লেখা সাইনবোর্ড চেয়ারম্যানের নির্দেশে মুছে ফেলায় বিরোধ আরও ঘনীভূত হয়। ইউএনও সোনিয়া আফরিন গতকাল রোববার বলেন, আগে ইউনিয়নভিত্তিক কাজি নিয়োগ কমিটির সভাপতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। সম্প্রতি তা পরিবর্তন করে সাংসদদের কমিটির সভাপতি করা হয়েছে, যা গেজেট আকারেও প্রকাশিত হয়েছে। এই গেজেটের বিষয়টি জালিয়াতির মাধ্যমে করা হয়েছে বলে সম্প্রতি চেয়ারম্যান দাবি করেন এবং বলেন, তিনিই নিয়োগ কমিটির সভাপতি থাকবেন।তা ছাড়া বোয়ালমারী গ্রামে বন্দোবস্ত দেওয়া খাসজমি থেকে দখলদারদের উচ্ছেদ নোটিশ দিলে চেয়ারম্যান দখলদারদের পক্ষে অবস্থান নেন এবং তিন মাস সময় দিতে বলেন। ১৬ জুলাই চেয়ারম্যান চ্যালেঞ্জ করে বলেন, ‘সেখানে যাঁরা আছেন, তাঁরাই থাকবেন; কেউ তাঁদের উচ্ছেদ করতে পারবেন না।’ ইউএনও আরও বলেন, উপজেলা পরিষদ ভবনের দোতলায় ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়’ লেখা সাইনবোর্ড মুছে ফেলেন ১৮ জুলাই চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে। উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম গতকাল বলেন, মানবিক কারণেই খাসজমিতে বসবাসকারীদের জন্য তিন মাস সময় চাওয়া হয়েছে। দেশের কোথাও উপজেলা পরিষদ ভবনে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়’ লেখা নেয়। তাই সেটি মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়।