মুখ ফসকে জাপানের বদলে চীনকে সমবেদনা
জাপানে একটি যৌথ সংবাদ সম্মেলন চলাকালে মুখ ফসকে ‘জাপানি’ না বলে ‘চীনা’ বলে ফেলে বিব্রতকর অবস্থায় পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে তিনি তাঁর ভুল স্বীকার করেননি। গতকাল শুক্রবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, গতকাল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর কার্যালয়ে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন ওলাঁদ। বক্তব্যে তিনি চলতি বছরের জানুয়ারি মাসে আলজেরিয়ার জিম্মি সংকটের বিষয়টি উল্লেখ করেন। সে সময় জিম্মিকারীদের হাতে ১০ জাপানি নাগরিক নিহত হয়েছিলেন। বক্তব্যের একপর্যায়ে মুখ ফসকে ওলাঁদ বলেন, তিনি এ ঘটনায় ফরাসি নাগরিকদের পক্ষ থেকে ‘চীনা জনগণের’ প্রতি সমবেদনা জানাচ্ছেন। তাঁর এই ভুল উপস্থিত সবাইকে বিস্মিত করে। ঐতিহাসিক ঘটনার জের ও ভূখণ্ড নিয়ে মতবিরোধের কারণে চীন ও জাপানের মধ্যে তিক্ততা রয়েছে। দুই দেশের জনগণই এক দেশের সঙ্গে অন্য দেশের গুলিয়ে ফেলার বিষয়টি একেবারেই পছন্দ করে না। পরে দোভাষী এ বক্তব্য সংশোধন করে দেন। সংবাদ সম্মেলনে ওলাঁদ এ ভুলের কথা স্বীকার না করলেও উপস্থিত এক জাপানি সাংবাদিক তাঁর ভুল ধরিয়ে দেন।তিন দিনের সফরে বর্তমানে জাপানে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গত ১৭ বছরে এই প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট জাপান সফরে গেলেন।