খুদে গণিতবিদ ও গণিতের প্রতি ভালোবাসা জানাতে আসা মানুষের মিলনমেলায় পরিণত হয় গতকাল শনিবারের ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। গোপালগঞ্জ অঞ্চলের এ উৎসবে শিক্ষার্থীরা মুখস্থ, মিথ্যা ও ইভ টিজিংকে ‘না’ বলে এবং মা ও দেশকে ভালোবাসার অঙ্গীকার করে।গোপালগঞ্জে প্রথমবারের মতো গণিত উৎসব হলো। এসএম মডেল হাইস্কুল প্রাঙ্গণের এ উৎসবে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর জেলা ও নড়াইলের লোহাগড়া উপজেলার ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৯৭ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে মোট ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিল প্রথম আলো। সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা।সকাল নয়টায় জাতীয় সংগীত রচনার প্রেক্ষাপট বর্ণনা এবং জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এসএম মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং স্টেট ইউনিভার্সিটির ডিন লুৎফুজ্জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক মো. আলমগীর হোসেন ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার।সকাল নয়টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে। পৌনে ১০টায় শুরু হয় এক ঘণ্টা ১৫ মিনিটের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে চলে বন্ধুতা পর্ব।বেলা সাড়ে ১১টায় ত্রিবেণী ঠাকুর ও অর্চনা রায়ের নেতৃত্বে গণিতভীতি দূর করার গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর শিউলী বিশ্বাস ও পারমিতা এককভাবে দেশের গান গেয়ে শোনান। পরে সমবেত কণ্ঠে গণিতকে জয়ের প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মনির হাসানের উপস্থাপনায় শুরু হয় কুইজ ও প্রশ্নোত্তর পর্ব। শ্রেষ্ঠ প্রশ্নকারীদের বই দিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত বিতর্ক ও রবিকস কিউব প্রতিযোগিতা শিক্ষার্থীসহ উপস্থিত সবাই উপভোগ করেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্থানীয় উদ্যোক্তা দত্ত মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী সুধীর কুমার দত্তকে। জীবনের শেষ প্রান্তে এসে সততার জন্য এমন সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।সমাপনী অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটির ডিন অধ্যাপক লুৎফুজ্জামান বলেন, সত্যিকারের মানুষ হতে হলে দেশকে ভালোবেসে সারা জীবন কাজ করে যেতে হবে। তবে কাজটি করতে হলে আগে মাকে ভালোবাসতে হবে।