কুমিল্লায় সম্মেলনস্থল রণক্ষেত্র, চার পুলিশসহ আহত ৩০
মুখে কাপড় বেঁধে অস্ত্র উঁচিয়ে যুবদলের গুলিবর্ষণ
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে শহরের কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় যুবদলের কর্মীদের কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বেশ কয়েকটি গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ঘটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। সংঘর্ষের ঘটনায় পুলিশের চার সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি বন্দুকের নল ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে আটক করেছে।জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল কান্দিরপাড় এলাকার টাউন হল মিলনায়তনে প্রবেশ করার সময় পেছন থেকে যুবদলের একটি পক্ষ তাঁদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে ঘটনার সূত্রপাত হয়।পুলিশ, বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার টাউন হল মিলনায়তনে গতকাল সকাল ১০টায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলন ডাকা হয়। সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হক সাক্কুর অনুসারীরা টাউন হল মাঠে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে একটি মাইক্রোবাসযোগে যুবদলের কেন্দ্রীয় নেতারা টাউন হল মাঠের প্রধান ফটক দিয়ে সম্মেলনস্থলে যাচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির নেতা মনিরুল হকের অনুসারীরা কান্দিরপাড় এলাকার চৌরঙ্গী মোড় থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ পাওয়া যায়। তারা ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে পিস্তল, এলজি, রিভলবারসহ আগ্নেয়াস্ত্র নিয়ে টাউন হল মাঠে ফাঁকা গুলি করে। জিনস প্যান্ট, টি-শার্ট ও জামা পরা ছয় যুবককে গুলি করতে দেখা যায়। এ সময় কমপক্ষে ২০টি গুলির আওয়াজ শোনা যায়। একপর্যায়ে বিএনপির নেতা আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। দুপুর দেড়টার দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।জানা যায়, সংঘর্ষে মনিরুল হকের সমর্থক যুবদল কর্মী মিলন, ফেরদৌস ও রাসেল গুলিবিদ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাজহারুল ইসলামের বুকে ও কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদের বাম পায়ে ইটপাটকেলের আঘাত লাগে। উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেকুল মাওলার মাথা ফেটে যায় ও পেটে আঘাত লাগে এবং এসআই মো. শাহজাহানের ও এক হাবিলদারের হাতে জখম হয়। আহত হন চার পথচারী আনোয়ার হোসেন, কফিল মিয়া, জুনায়েদ হোসেন ও রফিকুল হক। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করে। এ ছাড়া পুলিশ একটি বন্দুকের নল ও দুটি ককটেল উদ্ধার করেছে।ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, সকাল থেকেই সম্মেলন এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশের চার সদস্য আহত হন। সাধারণ জনগণও ভোগান্তিতে পড়ে। ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ২৪টি গুলি ও কাঁদানে গ্যাসের ২০টি শেল নিক্ষেপ করে।এ ব্যাপারে বিএনপি নেতা আমিন উর রশিদ ও মনিরুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে আমিন উর রশিদের সমর্থক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রতিপক্ষের লোকজন সম্মেলন বানচাল করার জন্য প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে, ককটেলের বিস্ফোরণ ঘটায়। কিন্তু কোনোভাবেই আমাদের সম্মেলন বাধাগ্রস্ত হয়নি।’মনিরুল হকের সমর্থক জেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া বলেন, ‘আমি সম্মেলন পরিচালনার দায়িত্বে ছিলাম। বাইরে কী ঝামেলা হয়েছে, তা দেখিনি।’ আটক ১৫ জন: যুবদলের সম্মেলনস্থল থেকে বিভিন্ন অভিযোগে পুলিশ ১৫ জনকে আটক করে। তাঁরা হলেন কুমিল্লার চান্দিনার মো. সুমন, আদর্শ সদর উপজেলার চম্পকনগর গ্রামের মোস্তাফিজুর রহমান, শহরের দক্ষিণ চর্থার হূদয়, রনি, রিপন, আবুল হাসান, মনির হোসেন, ইয়াছিন, পাভেল, জহির; শহরের মুন্সেফবাড়ির কিশোর কুমার দেবনাথ, শহরের শুভপুরের রফিকুল ইসলাম, সদর দক্ষিণের আনু মিয়া এবং নোয়াখালীর রুবেল (২৫) ও রিপন (২০)। ‘বাজিকরমুক্ত দেশ গড়তে হবে’: মিলনায়তনের বাইরের সড়কে যখন উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণ চলছিল, তখন ভেতরে সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আমিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি এসেছি। বাজি তো ফুটবেই। দেশ এখন বাজিকরদের দখলে। আওয়ামী লীগ ও মহাজোটের অন্য দলগুলোর নেতা-কর্মীরাই বাইরে বাজি ফুটিয়েছেন। তাঁরা বাজি ফুটিয়ে আমাদের বরণ করে নিয়েছেন। তাই যুবদলের নেতাদের বাজিকরমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’সম্মেলনে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার মোরতাজুল করিম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ও জেলা যুবদলের নেতারা। কমিটি ঘোষণা প্রসঙ্গে: কমিটি ঘোষণা প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক খোন্দকার মোরতাজুল করিম প্রথম আলোকে বলেন, ‘সবার মতামত নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে।’ তবে যুবদলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পদে আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. মাইনুদ্দিন আহমেদের নাম জমা পড়ে। তাঁরা সবাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারী। মনিরুল হকের সমর্থকেরা কোনো পদে নাম জমা না দিয়ে সম্মেলনস্থল থেকে চলে যায়।