মন্ত্রীদের দুর্নীতির প্রমাণ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দুর্নীতির সঠিক তথ্য-উপাত্ত দিন। প্রমাণ পেলে কেউ মন্ত্রী থাকতে পারবেন না। বক্তৃতায় বা মুখে দুর্নীতির কথা বললে মানব না।’গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘শহীদ মিনারে অনেকে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন। তাঁদের বলব, বক্তৃতা-বিবৃতিতে দুর্নীতি দুর্নীতি না করে তথ্যভিত্তিক প্রমাণ দিন। কেউ দুর্নীতি করে থাকলে তিনি আর মন্ত্রী থাকবেন না। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণের অর্থসম্পদ মেরে খেতে আসিনি।’বিকেল সোয়া পাঁচটায় শেখ হাসিনার সভাপতিত্বে যৌথ সভা শুরু হয়। সভার শুরুতে আলোচ্যসূচি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।চারদলীয় জোট সরকারের সময়ের দুর্নীতির ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, এখন যাঁরা এত কথা বলেন, অতীতের দুর্নীতি নিয়ে তো তাঁরা কোনো কথা বলেননি। কারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তা সবাই জানে। আন্তর্জাতিক তদন্তে তাদের দুর্নীতি বেরিয়ে এসেছে।তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে হতাশ হওয়ার কিছু নেই। ৫৪টি নদীর পানি নিয়ে আলোচনা চলছে। এর সমাধান করতে পারব। এটা সময়ের ব্যাপার মাত্র। তবে তিন মাস বা ছয় মাসের কোনো সময়সীমা দিতে চাই না।’ মনমোহন সিংয়ের সফর সফল বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এ সফরে সীমানা নির্ধারণ এবং ছিটমহল সমস্যার সমাধান হয়েছে, যা গত ৪৭ বছরেও করা যায়নি। ইন্দিরা-মুজিব চুক্তিকে অনেকে দেশবিরোধী বলত। কিন্তু এটি এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘জিয়া ও বিএনপির শাসনামলে ভারতের পণ্য বাংলাদেশে প্রবেশের সব ব্যবস্থা করা হয়। শুল্কমুক্ত দেশের কোনো পণ্য ভারতে প্রবেশের ব্যবস্থা তারা করতে পারেনি। এখন ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছি। এটি বিরাট অর্জন। দেশ বিক্রির বদনাম শুধু আমার, কিন্তু দেশ বিক্রি করে তারা। মনমোহনের সফর নিয়ে বিরোধী দল হরতাল দিতে চেয়েছিল। কিন্তু দেশ বিক্রির ধুয়া তারা তুলতে পারেনি। দেশ বেচে তারা, দোষ হয় আমাদের।’পত্রপত্রিকার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, রাজনীতিবিদদের নিয়ে কথা বললেও তাদের কিছু হয়নি। কিন্তু তারা সমালোচনা সহ্য করতে পারে না। সমালোচনা করলে সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আমরা সমালোচনা চাই। তাতে সত্য-মিথ্যা যাচাই করতে পারব। কিন্তু মিথ্যা-বানোয়াট তথ্য দেওয়াটা ক্ষতিকর। যোগাযোগব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত আড়াই বছরে রাস্তাঘাটের এই ক্ষতি হয়নি। দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার যেভাবে ক্ষতি হয়েছে, তাতে শুধু মেরামত করলে হবে না। তাই এক হাজার ৪০০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাস্তা মেরামত করা হবে।প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলেন, গত আড়াই বছরে দুই হাজার ২০০ মেগাওয়াট বিদ্যু ৎ উ ৎপাদিত হয়েছে। বিএনপির পাঁচ বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরেও এত বিদ্যু ৎ উ ৎপাদিত হয়নি। সমস্যা হলো মানুষ যত ভালো থাকে, আরও ভালো চায়। কিন্তু পেছনে ফিরে তাকায় না।শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। এটা চলতে থাকবে। যখন যাকে পাওয়া যাবে, তখন তার বিচার হবে। কারণ, যুদ্ধাপরাধীদের বিচার না হলে দেশে শান্তি আসবে না, গণতন্ত্র স্থায়ী হবে না।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, চারদলীয় জোটের আড়াই বছরের সঙ্গে বর্তমান সময়ের আড়াই বছর তুলনা করলে বোঝা যাবে, কোন আমল কেমন ছিল। কখন কত হত্যা-ধর্ষণ, লুটতরাজ হয়েছিল। বর্তমান সরকারের আড়াই বছরে কোনো জঙ্গি বোমাবাজি করতে পারেনি। এটাই সরকারের সাফল্য।ফোরামের বাইরে কথা না বলার পরামর্শ বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, আওয়ামী লীগের নেতাদের দলীয় ফোরামের বাইরে গণমাধ্যমে দল ও সরকার সম্পর্কে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ বিষয়ে দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কার্যনির্বাহী সংসদ, সংসদীয় দল, সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলী রয়েছে। প্রত্যেককেই নিজ নিজ ফোরামে কথা বলার অনুরোধ জানান তিনি। সূত্র জানায়, বৈঠকে দলের তৃণমূল পর্যায়ে সম্মেলন শুরু করার সিদ্ধান্ত হয়। এ জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, শহর ও জেলা আওয়ামী লীগের সম্মেলনের একটি ছক তৈরির সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনা করে তৃণমূলের সম্মেলন শুরু করার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, বৈঠকে শেয়ারবাজারের বিপর্যয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে বলেন, শেয়ারবাজার নিয়ে দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বহীন কথা বললে মানুষের আস্থা নষ্ট হয়। এ বিষয়ে কিছু বলার থাকলে এসইসি বা ডিএসই বলতে পারে। জবাবে অর্থমন্ত্রী বলেন, তিনি কোনো দায়িত্বহীন কথা বলেননি। রাত সাড়ে নয়টায় বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দল বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমরা কোনো দল ভাঙার মধ্যে নেই। বরং আওয়ামী লীগই বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে ভাঙনের কবলে পড়েছে। তিনি বলেন, সামরিক শাসক জিয়াউর রহমান বিভিন্ন দল ভেঙে বিএনপি গঠন করেছেন।উইকিলিকসের ফাঁস করা তথ্য সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘উইকিলিকস যেসব তথ্য প্রকাশ করেছে, আমরা তা নিয়ে ভাবছি না। এটি গোপন গোয়েন্দা প্রতিবেদন। এটা নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। কেউ যদি এর দায়দায়িত্ব স্বীকার করত, তাহলে আমরা মন্তব্য করতে পারতাম। তাই সেটা সত্য না মিথ্যা জানি না।’আশরাফ জানান, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে রেওয়াজ অনুযায়ী এ বৈঠক করা হয়েছে। তিনি বিদেশে থাকাকালে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।