মুখোমুখি বিতর্ক কাল, এগিয়ে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে আর ৩৪ দিন। তখন ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা, নাকি রিপাবলিকান পার্টির মিট রমনির ভাগ্যে আগামী চার বছরের মেয়াদে হোয়াইট হাউসে বসার সুযোগ মিলবে, তা নির্ধারিত হয়ে যাবে। আর নির্বাচনী ওই লড়াই সামনে রেখে আপাতত বিতর্কের লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি নামতে চলেছেন এই দুই প্রতিদ্বন্দ্বী। এদিকে বিতর্ক শুরুর আগে পরিচালিত কয়েকটি জাতীয় জনমত জরিপে ওবামাকে রমনির চেয়ে কাছাকাছি ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।নির্বাচনের আগে তিনবার এ ধরনের মুখোমুখি বিতর্ক লড়াইয়ে নামবেন বারাক ওবামা ও মিট রমনি। প্রথম বিতর্কটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় কাল বৃহস্পতিবার সকাল ৭টায় (স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা) কলোরাডো অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ডেনভারে। আসন্ন নির্বাচনে ভোটারদের মন কাড়তে এই বিতর্ককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।বিশ্লেষকদের মতে, জনমত জরিপের ফল অনুযায়ী ভোটারদের সমর্থনের দিক থেকে রমনির চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে থাকা প্রেসিডেন্ট ওবামা এই শক্তিটুকু পুঁজি করেই ডেনভারের আজকের বিতর্কমঞ্চে হাজির হচ্ছেন। দেশের নাজুক অর্থনীতির পুনরুদ্ধার প্রচেষ্টা নিয়ে ওবামা বিরোধী পক্ষের যে কড়া সমালোচনার সম্মুখীন হয়ে চলেছেন, বিতর্কে তিনি সে বিষয়ে আত্মপক্ষ সমর্থন করেই মূলত বক্তব্য তুলে ধরবেন। নির্বাচনে তিনি যদি জেতেন, তবে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো ডেমোক্র্যাট প্রার্থীর দ্বিতীয় দফায় বিজয়ী হওয়ার দ্বিতীয় ঘটনা।জনপ্রিয় উপস্থাপক জিম লেহরারের সঞ্চলনায় বিতর্ক অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় উপভোগ করবেন কোটি কোটি দর্শক। অনুষ্ঠানে দেশের অর্থনীতি ছাড়াও জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী লড়াই, স্বাস্থ্যসেবা, গর্ভপাত, জ্বালানি শক্তির ব্যবহার—এমন স্পর্শকাতর নানা অভ্যন্তরীণ বিষয় এবং ইরান ও আফগানিস্তানের মতো আন্তর্জাতিক বিষয়ে দুই পক্ষ জোর বিতর্কে জড়িয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।এর অর্থ হলো, লিবিয়ার বেনগাজিতে গত ১১ সেপ্টেম্বর মার্কিন কনস্যুলেট দপ্তরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ওবামা (৫১) তাঁর প্রশাসনের ভূমিকা নিয়ে কঠিন জেরার সম্মুখীন হতে পারেন। আর সাবেক পুঁজিবাদী উদ্যোক্তা ও ধনকুবের মিট রমনি (৬৫) কর ব্যবস্থাপনা-সংক্রান্ত তাঁর নীতি নিয়ে তোপের মুখে পড়তে পারেন। ডেমোক্র্যাটরা ইতিমধ্যে করসংক্রান্ত তাঁর নীতিকে মধ্যবিত্ত মার্কিনদের স্বার্থপরিপন্থী বলে তুলে ধরেছে।গত মঙ্গলবার বিতর্কের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে রমনি জানান, তিনি বিতর্ক অংশ নিতে তৈরি। তবে এ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান ওবামা। তাই এ মুহূর্তে উভয়েই যে জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার এক উম্মত্ত খেলার প্রস্তুতিতে নিজেদের ব্যস্ত রেখেছেন, এতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের।বিতর্ক শুরুর আগে জাতীয় পর্যায়ের কয়েকটি জনমত জরিপে ওবামা রমনির চেয়ে সামান্য পয়েন্টে এগিয়ে থাকলেও তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজের সাম্প্রতিকতম জরিপের ফলাফলে দোদুল্যমান ভোটারদের ৪৯ শতাংশ ওবামা ও ৪৬ শতাংশকে রমনির পক্ষে দেখানো হয়েছে। এই ফলাফলের সঙ্গে রিয়াল ক্লিয়ার পলিটিক্সের জরিপেও সাদৃশ্য পাওয়া যায়। তাদের জরিপে ওবামা ৩ দশমিক ৫ শতাংশ ভোটে এগিয়ে আছেন।গত সোমবার ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপে ওবামাকে রমনির চেয়ে ৪৯-৪৭ শতাংশ ভোটে এগিয়ে থাকতে দেখা যায়। কিন্তু দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের মধ্যে এই ব্যবধান ৫২-৪১ শতাংশ। প্রেসিডেন্ট ওবামা গুরুত্বপূর্ণ ভার্জিনিয়া, ওহাইয়ো ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন। বিবিসি।