প্রিয় মুনা, আশা করি ভালো আছিস। আমি আমার মুখোশ পরা শিক্ষিত সমাজে ভালো থাকার মুখোশ পরে সুখের সঙ্গে যুদ্ধ করছি। অনেক দিন তোর খোঁজ পাই না। স্বামী-সংসার নিয়ে এখন কেমন আছিস? খুব জানতে ইচ্ছা করে। মনে পড়ে, স্কুল পার হওয়ার আগেই তোর বিয়ে হলো, যখন তুই নিতান্তই বালিকা। তোর বিয়ের পর আমাকে একাই স্কুলে যেতে হতো। আর সেই বখাটের দল কত যে উৎপাত করত! তারপর আমার ভাইকে নিয়ে যেতাম সঙ্গে। ওরা তাকে নিয়েও বিশ্রী মন্তব্য করত। জানিস, তখন আমার মনে হতো, এরা কেন বিবেচনা করে না পাশের পুরুষটা, ভাই, চাচা, এমনকি বাবা—এ রকম সম্পর্কের কেউ হতে পারে। আসলে এদের না যায় বোঝানো, না যায় শেখানো। কারণ, এরা সবকিছুরই ঊর্ধ্বে, প্রভাবশালী, ক্ষমতাবান। এসব দেখে ইচ্ছে হতো, যদি মুনার মতো সাংসারিক হতে পারতাম। কিন্তু জানলাম, সংসারে তোরই শান্তি নেই, তা-ও আবার যৌতুকের কারণে। দুঃখ করিস না বোন। জানিস, এখন আমার এই কলেজজীবনে তোকে খুব উপলব্ধি করছি। আরও উপলব্ধি করছি পুরোনো সেই যন্ত্রণা। তবে নতুন রূপে, নতুন করে। এখানে এসে প্রথমে মেসে থাকতাম। সেখানেও সেই আগের উৎপাত, তবে নতুন ঢঙে। সিদ্ধান্ত নিলাম, কলেজের হোস্টেলে থাকব। সেখানে কেউ কিছু বললে কর্তৃপক্ষ তো আছে। কিছু দিন হলো কলেজের ছাত্রীনিবাসে আছি। কী ভাবছিস? এবার অনেক ভালো আছি, তাই না? হ্যাঁ, ভালো আছি। হল থেকে যখন বের হই, ছাত্রাবাসের শিক্ষিত বখাটেরা, না ভাইয়ারা, শিক্ষিত ভাষায় উৎপাত নয়, মন্তব্য করে। এরা কর্তৃপক্ষের কর্তৃপক্ষ। কেননা, এরা ক্ষমতাবান। তোর মনে আছে, স্কুলে একটা বাক্য শিখেছিলাম, ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য’। তখন এর মানে বুঝতাম না। এখনো হয়তো বা বুঝি না, তবু কেন যে বারবার এই বাক্যটা মনে পড়ছে। হয়তো আমার মতো অনেকের কবিতার এই বাক্যটি মনে পড়ে। জানিস, ভালো থাকার চেষ্টা ছেড়ে দিয়েছি। তবে ভালো থাকার অভিনয়টা অনেক ভালো রপ্ত করেছি। কিন্তু দুঃখ কোথায় জানিস? ভালো থাকার মুখোশ পরে কত রাত যে ঘুমাতে পারি না—তা শুধু আমিই জানি, আমার বিধাতা জানে, আর জানে আমার মতো ঘুমাতে না পারা হাজারো মুখোশ পরা কবিতা। ইতিকবিতা