মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন মমতা
১৩ বছরের লড়াই শেষে এবার স্বপ্ন পূরণের পালা। আজ শুক্রবার সেই শুভদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের; পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আজ।আজ বেলা একটা এক মিনিটে কলকাতার রাজভবনে পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। ছয়টি ভাষায় শপথবাক্য ছাপা হলেও মমতা বাংলাতেই শপথ নেবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে এ কথা জানা গেছে। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল এম কে নারায়ণন। মমতা প্রথমে ছোট মন্ত্রিসভা গড়ার কথা বললেও শেষ পর্যন্ত প্রায় ৪২ জন মন্ত্রী শপথ নিতে পারেন বলে জানা গেছে। গতকাল দুপুরে মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা রাজভবনে রাজ্যপালের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।এদিকে কংগ্রেস মন্ত্রিসভায় তাদের থাকার কথা জানিয়ে দিয়েছে। তাদের কারা মন্ত্রী হবেন, সেই তালিকাও তৃণমূল কংগ্রেসের নেত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মমতার বিশেষ অনুরোধে শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত ছাড়াও একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করা হবে।মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে শিল্পপতি ও বিশিষ্টজনদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্য, বস্তিবাসী, হকার, রিকশাওয়ালা ও যৌনকর্মীদের নিয়ে কাজ করেন এমন দুজনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উপস্থিত থাকার জন্য মমতা আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত তাঁদের দুজনের কেউই থাকতে পারছেন না। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সাবেক সিপিআইএমের নেতা সোমনাথ চট্টোপাধ্যায় এবং প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের স্ত্রী মায়া রায়কেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।রাজভবন সূত্রে জানা গেছে, বড় শিল্পপতিদের পাশাপাশি টাটার উচ্চপদস্থ কর্মকর্তাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখাতে রাজভবনের চারদিকে চারটি বড় পর্দা লাগানো হয়েছে।পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত ২৯৪ আসনবিশিষ্ট রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বাম জোটের চরম ভরাডুবি ঘটে। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জোট ২২৭টি আসনে জয়ী হয়। বাম জোট পায় মাত্র ৬২টি আসন। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজ্যটিতে অবসান ঘটছে বাম জোটের টানা ৩৪ বছরের শাসনের।রেলমন্ত্রী থেকে পদত্যাগ: ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগপত্র গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার কথা। প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে সম্মতি দিলেও কে হচ্ছেন নতুন রেলমন্ত্রী, তা এখনো পরিষ্কার নয়। তবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়ের এ পদটি পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।