মুখ্যমন্ত্রীর কারণে উদ্ধার বাধাগ্রস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালের ভেতরে আটকা পড়েছেন বহু রোগী। বাইরে তখন স্বজনদের আহাজারি। দমকল কর্মীদের তত্পরতা, হট্টগোলের কারণে রোগীদের স্বজনের তখনো ভেতরে যেতে পারছেন না। ঠিক তখনই হাসপাতাল এলাকায় যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনে পরিস্থিতির আরও অবনতি হয় বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনেরা। একপর্যায়ে ক্ষুব্ধ মানুষের ওপর পুলিশ লাঠিপেটা করে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ সকাল পৌনে ১০টার দিকে মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালের পাশের ছোট গলি দিয়ে হাসপাতাল এলাকায় পৌঁছালে সাধারণ মানুষ এবং গণমাধ্যমের কর্মীরা সেখানে ভিড় করেন। এরপর শুরু হয় হট্টগোল ও ব্যাপক বিশৃঙ্খলার। রোগীদের স্বজনদের অভিযোগ, বিশৃঙ্খলার কারণে হাসপাতালের তখন অ্যাম্বুলেন্সও পৌঁছতে পারছিল না।মুখ্যমন্ত্রীকে পেয়ে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মানুষ। এত মানুষকে সামাল দিতে পুলিশও তখন হিমশিম খাচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ লোকজনকে সরাতে পুলিশ তাদের লাঠিপেটা করে। তখন পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাইক হাতে নিয়ে পুলিশদের লাঠিপেটা করতে বারণ করেন। এ সময় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মমতা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন। ভিড় ঠেলে এক রোগীর স্বজন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলেন, তিনি এখানে আসায় অ্যাম্বুলেন্স হাসপাতালের বর্ধিত ভবন পর্যন্ত আসতে পারছে না। মুখ্যমন্ত্রী তখন সেখান থেকে সরে যান। তিনি রোগীর স্বজনদের বলেন, উদ্ধার করা ৪০ জন রোগীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ রোগীদের স্বজনদেরও সেখানে পৌঁছানোর ব্যবস্থা করবে।আরেক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাবা হাসপাতালের ভেতরে, আমি এখন পর্যন্ত তাঁর কোনো খবর পাইনি। অথচ সাংবাদিকেরা মুখ্যমন্ত্রীর ছবি তুলতেই ব্যস্ত।’ সেখানে উত্তেজিত জনতা একজন ফটোসাংবাদিককে মারধর করে ও অন্যান্য সাংবাদিকদের ক্যামেরাও ভাঙচুর করে।