মুগুর পা শিশুদের চিকিৎসা
দেড় মাস বয়সী অঞ্জন মায়ের কোলে শুয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে, যেন তার চোখে অনেক প্রশ্ন। মা রীনা রায় বসে আছেন মলিন মুখে। বাবা পরান রায় এদিক-সেদিক ঘোরাফেরা করছেন। রীনা-পরান দম্পতি এসেছেন খুলনার খালিশপুর থেকে। তাঁদের একমাত্র ছেলে অঞ্জন। অঞ্জনের পা জন্মগতভাবে বাঁকা।অঞ্জনের মতো আরও ১৬ জন সাত দিন থেকে তিন বছর বয়সী শিশুর দেখা মিলল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এরা সবাই জন্মগতভাবে বাঁকা পা নিয়ে জন্মেছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘নলতা হসপিটাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশন’-এর একটি প্রকল্পের অংশ হিসেবে মুগুর পা (জন্মগত পা বাঁকা) নিয়ে জন্মানো শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। হাসপাতালের বারান্দায় রীনা-পরান দম্পতি জানান, অঞ্জনের বয়স যখন এক মাস, তখনই তাঁদের সন্দেহ হয়। পরে চিকিৎসককে দেখালে তাঁরা জানতে পারেন, তাঁদের ছেলের বাঁ পা বাঁকা। এখানে চিকিৎসা করালে ভালো হয় জানতে পেরে ছেলেকে নিয়ে এসেছেন। ২২ জুলাই সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসা-কক্ষের বাইরে শিশুকোলে অপেক্ষমাণ মা-বাবার ভিড়। কক্ষের ভেতর দুই বছরের নাজাননকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক সাকিনা সুলতানা। হাতের কাজ শেষ হতেই সাকিনা সুলতানা জানালেন, খুলনা ছাড়াও যশোর, বাগেরহাট, সাতক্ষীরা ও সাতক্ষীরার নালতাতেও তারা মুগুর পা নিয়ে জন্মানো শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় এক হাজার শিশুকে তাঁরা চিকিৎসাসেবা দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে সফলতার হার ৮০ থেকে ৯০ শতাংশ।