শোষণের শিকল ভাঙার লড়াইয়ে পাশে দাঁড়ানো বন্ধুদের বাংলাদেশ ভোলেনি—তা দেখে মুগ্ধ, আপ্লুত হলেন বিদেশি বন্ধুরা। আনন্দের এই ক্ষণে তাঁদের চাওয়া, জয় হোক বাংলাদেশের। সেই সঙ্গে আগামী দিনেও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করলেন তাঁরা।বিজয় দিবসের প্রাক্কালে গতকাল শনিবার এভাবেই কৃতজ্ঞতা আর মুগ্ধতা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। এটি ছিল মুক্তিযুদ্ধে সহায়তা করা বিদেশি বন্ধুদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার চতুর্থ পর্ব। স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। ১৯৭১ সালের ভয়াবহ দিনগুলোতে আপনারা যে সমর্থন দিয়েছিলেন, তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।’সম্মাননা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি থাকতে পারেননি বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।মন্ত্রিপরিষদ বিভাগ এবং পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল চতুর্থ দফায় নয়টি দেশের ৬০ ব্যক্তি ও দুটি সংগঠনকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। গত বছর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। প্রামাণ্যচিত্রে ধরা স্মৃতিগতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তন সেজেছিল লাল-সবুজের আবহে। মূল মঞ্চের মাঝখানে বসার জায়গা করা হয়েছিল প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের জন্য। আর মঞ্চের দুই পাশে সারি করে রাখা চেয়ারে বসেছিলেন সংবর্ধনা পাওয়া বিদেশি বন্ধু, তাঁদের স্বজন ও প্রতিনিধিরা।অনুষ্ঠানের শুরুতেই দেখানো হয় একটি প্রামাণ্যচিত্র। এতে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ঘটনা পরম্পরা তুলে ধরা হয়। বিশেষভাবে দেখানো হয় বিদেশিদের অবদানের বিষয়টি। প্রামাণ্যচিত্র প্রদর্শিত হওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সম্মাননা পাওয়া ব্যক্তি ও সংগঠনের নাম ও তাঁদের অবদানের কথা বিদেশি অতিথিদের কাছে উপস্থাপন করেন। এরপর প্রধানমন্ত্রী বিদেশি বন্ধুদের হাতে স্মারক ও মানপত্র তুলে দেন। গতকাল সম্মাননা পাওয়া বিদেশিদের মধ্যে রয়েছেন: ‘নাচোলের রানিমা’ হিসেবে খ্যাত ভারতের কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র, তাঁর স্বামী রমেন মিত্র; কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে; সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায় এবং শিল্পী মকবুল ফিদা হুসেন; সেনা কর্মকর্তা গন্ধর্ব নাগরা, শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী সেনারাত গুণাবর্ধন, নেপালের রাজনীতিক অর্জুন নরসিংহ কে সি, ভুটানের সাবেক রাষ্ট্রদূত ও সমাজসেবী দাশো কর্মা দরজি, অস্ট্রেলিয়ার ডব্লিউ এ এস ওডারল্যান্ড, পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক সৈয়দ আসিফ শাহকার, যুক্তরাষ্ট্রের তৎকালীন পাকিস্তান নীতির প্রতিবাদে ইউএসএআইডি থেকে পদত্যাগকারী টাউনসেন্ড সোয়াজি প্রমুখ। প্রয়াত ব্যক্তিদের পক্ষে তাঁদের স্বজন বা প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।বক্তৃতা পর্ব: সম্মাননা পর্ব শেষে শুরু হয় বক্তৃতা পর্ব। শুরুতে বক্তব্য দেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী জগদীশ সি শর্মা। তিনি বলেন, ‘সম্মাননা নিতে এসে যে আতিথেয়তা পেয়েছি, তাতে আমি মুগ্ধ। আজকের এই দিনে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বাংলাদেশ ও ভারতের নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাই। স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি এ দেশে স্বাধীনতার স্বপ্নের বীজ বুনেছিলেন।’জগদীশ সি শর্মা আরও বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ছিল ন্যায়বিচার ও মানবতার পক্ষে লড়াই। এ চেতনা খুব দ্রুত বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের পক্ষে সমর্থন জোরদারে সহায়তা করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের এখনকার লড়াই হলো, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। এ জন্য বাংলাদেশের বন্ধুদের সহায়তা প্রয়োজন।...আমাদের মহান মুক্তিযুদ্ধে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান বাঙালি জাতির হূদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।’শেখ হাসিনা বলেন, ‘বিদেশি বন্ধুরা আমাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের দুঃখ-দুর্দশা এবং মানবিক বিপর্যয়ের বিষয়ে তুলে ধরেন। আমাদের অনেক বিদেশি বন্ধুরই তখন বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। অনেকে বাংলাদেশ সম্পর্কে হয়তো সামান্যই জানতেন। বাংলাদেশ স্বাধীন না হলে তাঁদের কিছুই হতো না। কিন্তু তবু আপনারা নৈতিক, মানসিক এবং বৈষয়িক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।’অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।