বনানীর ১১ নম্বর রাস্তার মুজ বার্ন রেস্তোরাঁয় যাঁরা কোনো দিন যাননি, তাঁদের জন্য যে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা অপেক্ষা করছে, সে কথা নিশ্চিত করে বলে দেওয়া যায়। মুজ বার্ন হলো টেক্স-ম্যাক্স রেস্তোরাঁ। মানে টেক্সাস আর মেক্সিকোর খাবার পাওয়া যায় এখানে। সেই হিসাব করেই ভেতরটা সাজানো হয়েছে। একটু নিচু ধরনের টেবিলগুলো কাঠের এবড়োখেবড়ো ফালি করা তক্তা দিয়ে বানানো। টেবিলের সঙ্গে বাঁশের ফ্রেমে গাছের খণ্ড বসিয়ে তৈরি করা হয়েছে বসার চেয়ার। আধো আলো আধো অন্ধকারে দেয়ালে ঝোলানো রেড ইন্ডিয়ান সরদারের মুখটি গায়ে এক রকমের শিরশিরে অনুভূতি জাগায়। আর মজা লাগে ধূমপায়ীদের জন্য বানানো ‘স্মোকারস ডেন’ দেখে। ওয়েস্টার্ন ছবিতে দেখা বারের ধাঁচে বানানো হয়েছে ঘরটা। দেখলে মনে হয়, এই বুঝি কোমরে পিস্তল গোঁজা কাউবয় টুপি পরা তামাটে চামড়ার একটি মানুষ এখনই চুরুট ফুঁকতে ফুঁকতে বের হয়ে আসবে। সাজসজ্জায় বুনো পশ্চিমা হলে কী হবে, রেস্তোরাঁটা কিন্তু বেশ আধুনিক! পুরো রেস্তোরাঁয় রয়েছে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ। বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলা করার ব্যবস্থা। খাবারের তালিকায় বেশির ভাগ নামই অচেনা। ভাগ্যিস, নামের পাশে কয়েকটি খাবারের লোভনীয় ছবিগুলো আছে! প্রথম যেটা চোখ কাড়ল সেটা হলো স্টোন বেকড থিন ক্রাস্ট পিত্জা। ১০ ইঞ্চির রেগুলার পিত্জার দাম পড়ে ৪৯০ টাকা। মচমচে এই পিত্জা বানাতে ব্যবহার করা হয় তরতাজা পাকা টমেটো, কালো জলপাই, ক্যাপসিকাম, পনির, মাশরুম আর মাংস।পিত্জার পরে নাম চলে আসে টেক্সাসের কায়দায় রাঁধা আস্ত মুরগির। মেন্যুর ছবি দেখেই জিহ্বায় জল গড়ায়। দাম ৫৩০ টাকা। খাবারটার ফরমায়েশ দিয়ে জিভে আসা জল গিলতে হবে, মানে ধৈর্য ধরতে হবে ৩৫ মিনিট। ডিশটি টেবিলে এলে সাজানোটা দেখলেই ভালো লেগে যায়। মাঝখানে ছুরি-কাঁটাচামচ চালানোর আমন্ত্রণ জানানোর ভঙ্গিতে চিত হয়ে পড়ে আছে মুরগিটা। তার পেটের মধ্যে গোঁজা আছে ভরপুর মসলায় কষানো পেঁয়াজ, রসুন আর টমেটো কুচি। এক পাশে খানিকটা ফ্রায়েড রাইস, টমেটোর ফুল আর লেটুস পাতা দিয়ে সাজানো। আর এর সঙ্গে আছে আধাসেদ্ধ গাজর, বরবটি আর বাঁধাকপি। তবে মুরগির ওপরে গোলমরিচের গুঁড়ো ছাড়া আর তেমন কোনো মসলা নেই। তাই সফেদ একটা ভাব দেখা যায় সারা গায়ে। টেক্সাসের খাবারদাবারের ধাঁচই এ রকম। কম মসলা দিয়ে আর অল্প আঁচে রান্না করাটা ওদের নিজস্ব শৈলী। সঙ্গে বারবিকিউ সস আর চিলি টমেটো সস দিয়ে মুরগির মাংস খেলে আরও বেশি মজা লাগে। রসনার তৃপ্তির কথা ভাবলে অবশ্য এর সঙ্গে আরও দু-একটা পদ যোগ করতে পারেন। যেমন—গরুর মাংস, বিন আর পনির দিয়ে তৈরি মাচো নাচোস কিংবা ম্যাক্সিকান লেমন স্যুপ। অথবা এর সঙ্গে যোগ করতে পারেন হাওয়াইয়ান নুডলস। সালাদের আইটেম হিসেবে টেক্স-ম্যাক্স চিকেন সালাদ রাখতে পারেন পাতে। আর যাঁরা একটু ঝাল মসলা খেতে চান তাঁরা টাকো কিংবা বারিতোস চেখে দেখতে পারেন।ডেজার্টের জন্য এখানকার বেশ জনপ্রিয় একটি শেক বেছে নিতে পারেন, যার নাম অরেঞ্জ জুলিয়াস। কমলা, লেবু আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে তৈরি এই শেকটির বেশ চাহিদা রয়েছে এখানকার অতিথিদের মধ্যে।তবে মুজ বার্নের একটা অনন্য বৈশিষ্ট্য হলো, তাদের ২৪ ঘণ্টার হোম ডেলিভারি সেবা। গুলশান ১, ২, বনানী, বারিধারা, নিকুঞ্জ ও মহাখালী ডিওএইচএস এলাকায় দিন-রাত যেকোনো সময় বাসায় খাবার পৌঁছে দেয় তারা। টেক্সাস আর মেক্সিকোর ভিন্নধর্মী খাবারের স্বাদ তাই ঘরে বসেও পাওয়া যাবে।