মুজাহিদ, সাঈদী, কামারুজ্জামান ও কাদের মোল্লার রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লার আরও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার পৃথক মামলায় তাঁদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।মুজাহিদকে উত্তরা বৈঠকের ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায়, সাঈদীকে অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায়, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার মামলায় রিমান্ডে নেওয়ার আদেশ দেন পৃথক আদালত।মুজাহিদের তিন দিনের রিমান্ড: জামায়াতের নেতা মুজাহিদকে হিযবুত তাহ্রীরের সঙ্গে গোপন বৈঠকের মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল মহানগর হাকিম কামরুন্নাহার রুমির আদালতে হাজির করা হয়। পরে মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে উত্তরা ষড়যন্ত্রের ঘটনায় বিমানবন্দর থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান আদালতকে বলেন, চারদলীয় জোটকে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আনার জন্য উত্তরা ষড়যন্ত্র করা হয়। ওই ষড়যন্ত্রের সঙ্গে মুজাহিদের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।মুজাহিদের আইনজীবী এস এম সোহরাব হোসেন রিমান্ড বাতিল চেয়ে আদালতকে বলেন, মুজাহিদকে পাঁচটি মামলায় টানা ১৬ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা প্রয়োজন। আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, উত্তরা ষড়যন্ত্র মামলার এজাহারে মুজাহিদের নাম নেই। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কোনো মামলায় তিন দিনের বেশি রিমান্ড দেওয়া যাবে না। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলা: দেলাওয়ার হোসাইন সাঈদীকে বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় মহানগর হাকিম তোফায়েল হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত এ মামলায় সাঈদীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা মামলা: কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পল্লবীতে গণহত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে সিআইডি। এ মামলায় নতুন করে রিমান্ড না থাকায় আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পল্টন থানার পুলিশ রাষ্ট্রপতির গাড়িবহর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম আবদুল মজিদ তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এ মামলায় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আসামিদের আইনজীবী আবদুর রাজ্জাক আদালতকে বলেন, টানা পাঁচ দিন রিমান্ডে থাকায় আসামিরা অসুস্থ। তিনি তাঁদের কারাগারে না পাঠিয়ে চিকিৎসার আবেদন জানান।কামারুজ্জামান আদালতকে বলেন, রিমান্ডে নিয়ে আমাকে যা করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার নয়। আদালতে তিনি নিজেকে অসুস্থ দাবি করেন।রাষ্ট্রপক্ষের শুনানি করেন আইনজীবী শাহ আলম তালুকদার, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মাহফুজুর রহমান প্রমুখ।