জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষ আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে। এ সময় আসামিপক্ষ দাবি করেছে, মুজাহিদ আলবদর বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন না। আলবদর বই অনুসারে আশরাফুজ্জামান খান, আবদুল মালেক, আবদুল হক প্রমুখ ঢাকায় আলবদরের কমান্ডার ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গতকাল বেলা দুইটার পর কার্যক্রম শুরু হলে আসামিপক্ষ তৃতীয় দিনের মতো যুক্তি দেয়। প্রায় এক ঘণ্টা যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপক্ষ একাত্তরের ১১ ডিসেম্বর প্রকাশিত দৈনিক আজাদ উপস্থাপন করে বলেছে, ওই পত্রিকার একটি প্রতিবেদন-সংশ্লিষ্ট ছবির ক্যাপশনে আলবদরের প্রধান হিসেবে মুজাহিদের বক্তৃতা করার কথা বলা হয়েছে। অথচ ওই প্রতিবেদনে লেখা হয়েছে, আলবদর বাহিনী আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করেন ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) প্রধান মুজাহিদ। দেখা যাচ্ছে, ছবির ক্যাপশনের সঙ্গে প্রতিবেদনের তথ্যের মিল নেই। এ জন্য ওই ছবি ও প্রতিবেদনের কোনো গ্রহণযোগ্যতাও নেই।আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপক্ষ সেলিম মনসুর খালেদের লেখা আলবদর বই থেকে বলেছে, মুজাহিদ আলবদরের প্রধান ছিলেন। কিন্তু ওই বইয়ে আলবদর বাহিনীর কমান্ডারদের কথা লেখা থাকলেও কোথাও মুজাহিদের নাম নেই।এ সময় ট্রাইব্যুনাল বলেন, পাকিস্তানি জেনারেলরাই একাত্তরের পরে বলেছেন, তাঁরা আলবদর বাহিনী গঠন করেননি। তাহলে আলবদর বাহিনী কারা গঠন করলেন? আর আলবদরের কমান্ডার কারা ছিলেন?জবাবে আবদুর রাজ্জাক বলেন, আলবদর বই অনুসারে আশরাফুজ্জামান খান, আবদুল মালেক, আবদুল হক প্রমুখ ঢাকায় আলবদরের কমান্ডার ছিলেন। ট্রাইব্যুনাল বলেন, আলবদরের যে কমান্ডারদের কথা বলছেন, তাঁরা কিন্তু সবাই একাত্তরে ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন।আবদুর রাজ্জাক বলেন, মুজাহিদ ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন তা আসামিপক্ষ অস্বীকার করছে না, তবে আলবদরের সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। এ ছাড়া এই মামলার তদন্ত কর্মকর্তাও তাঁর সাক্ষ্যে স্বীকার করেছেন, তিনি তদন্তকালে কোনো তালিকায় আলবদরের প্রধান হিসেবে মুজাহিদের নাম পাননি।একপর্যায়ে ট্রাইব্যুনাল মহিউদ্দিন চৌধুরীর লেখা সানসেট অ্যাট মিডডে বইয়ের প্রসঙ্গ টেনে বলেন, ওই বইয়ে লেখক লিখেছেন, ইসলামী ছাত্র সংঘ পরবর্তী সময়ে আলবদর বাহিনীতে রূপান্তরিত হয়। আর যেহেতু ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন মুজাহিদ, তাহলে কি তাঁর ওপর ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বর্তায় না?জবাবে আসামিপক্ষের প্রধান আইনজীবী বলেন, মুজাহিদকে আলবদরের প্রধান হিসেবে প্রমাণ করতে শক্তিশালী নথি লাগবে। কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো শক্ত নথি ট্রাইব্যুনালের সামনে দিতে পারেনি। তাই ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও তাঁর ওপর বর্তায় না।বেলা তিনটার দিকে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২ জুন (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।