মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মো. কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এ দিন নির্ধারণ করেন।আজ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর উপস্থিত থাকার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষ তাঁকে হাজির করতে পারেনি। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান ট্রাইব্যুনালে বলেন, ‘সাক্ষী অসুস্থ, তাই তাঁকে হাজির করা যায়নি। পরে ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’ এ সময় মুজাহিদ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।একই ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন একজন সাক্ষীকে হাজির করা হয়। কামারুজ্জামানের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম তাঁকে হাজির করেন। এ সময় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে বলেন, ‘যাকে সাক্ষ্য দিতে এনেছেন তিনি কি তালিকাভুক্ত সাক্ষী?’ জবাবে কৌঁসুলি ‘না সূচক’ জবাব দিলে ট্রাইব্যুনাল বলেন, ‘এই সাক্ষী অতিরিক্ত সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারবেন। কিন্তু এ জন্য আপনাদের একটি আবেদন করতে হবে।’ পরে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।