মুজাহিদ তখন ঘুমিয়ে ছিলেন!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের কর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার সময় শিবিরের নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রক্ষার কথা অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তিনি দাবি করেছেন, সেই রাতে শিবিরের সভাপতি রেজাউল করিম তাঁকে ফোন করলেও তিনি ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে রেজাউলের সঙ্গে তাঁর কথা হয়।গতকাল বুধবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজাহিদ এ দাবি করেন। তিনি দাবি করেন, র্যাবের হেফাজতে থাকা শিবিরের নেতা ইকরাম হোসাইনকে পিটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তাঁর, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ দলের অন্য নেতাদের নাম বলানো হয়েছে।মুজাহিদ বলেন, ‘বারবার টেলিফোনে যোগাযোগের কোনো রেকর্ড দেখাতে পারবে না। পর দিন সকালে খুলনায় ফজরের নামাজ পড়ার সময় জানতে পারলাম, রাতে শিবিরের সভাপতি টেলিফোন করেছিল। পরে আমিই শিবিরের সভাপতিকে ফোন করেছি।...ওই রাতে জামায়াতের কোনো নেতার সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের কোনো নেতার কথা হয়নি।’কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও একটি গোয়েন্দা দল ৮ ফেব্রুয়ারি রাতে শিবিরের সভাপতির মোবাইল ফোনের কলের যে তালিকা সংগ্রহ করেছে, তাতে দেখা যায়, শিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল রাত দুইটা ২৩ মিনিটে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে ফোন করেন। এরপর রেজাউল একাধিকবার জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের সঙ্গে ফোনে কথা বলেন। তার আগে রাত দুইটা ১৭ মিনিটে রফিকুল ইসলাম ফোন করেছিলেন মুজাহিদকে। তখন কথা বলেন ১৭৮ সেকেন্ড। মুজাহিদ নিজেও শিবিরের সভাপতিকে ফোন করেন ৯ ফেব্রুয়ারি ভোর সোয়া ছয়টায়। তালিকায় দেখা যায়, মুজাহিদ রাত দুইটা ১৭ মিনিট, দুইটা ২৩ মিনিট ও ভোরে শিবিরের সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সঙ্গে কথা বলেছেন। গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত সমকালের সাংবাদিক মুজাহিদকে বলেন, ওই রাতের ঘটনার বিষয়ে শিবিরের সভাপতি রেজাউল করিমের সঙ্গে তাঁর (সাংবাদিকের) কথা হয়েছে। রেজাউলের বক্তব্য পত্রিকাতেও ছাপা হয়েছে। রেজাউল বলেছিলেন, ওই রাতেই মুজাহিদের সঙ্গে তাঁর মোবাইল ফোনে কথা হয়। জবাবে মুজাহিদ বলেন, ‘এটা হতে পারে না। রেজাউল এ কথা বলতেই পারে না। ওই রাতে তার সঙ্গে কোনো কথা হয়নি। আর যদি হয়েই থাকে, তাহলে কি তা উসকানি দেওয়া হতে পারে?’মুজাহিদ বলেন, ‘শিবিরের সভাপতি এ ধরনের দাবি করতেই পারে না। ওই রাতে কোনো যোগাযোগ হয়নি। আমি পর দিন সকালে তাকে ফোন করে বলেছি, “টেলিফোন করছিলা কি না”। পরে সে আমাকে ঘটনা জানায়। সে বলে তেমন সমস্যা নাই, মাইনর (সামান্য) সমস্যা হয়েছে দুই পক্ষে। সকাল নয়টার সময় মিডিয়াতে ঘটনা দেখে আমি আবার ফোন করে বলেছি, তুমি তো বললা না। তখন সে বলেছে, আমিও সকাল আটটায় জেনেছি।’একপর্যায়ে মুজাহিদ বলেন, ‘মারামারি হলে টেলিফোনে কথা হতেই পারে। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) কাছে তো প্রযুক্তি আছে। তাহলে কী কথা হয়েছে, তার রেকর্ড প্রকাশ করুক।’ তিনি দাবি করেন, ‘ছাত্রশিবিরের সভাপতি সংঘর্ষ এড়ানোর জন্য পরামর্শ দিয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান ওই দিন ওসি, পুলিশ কমিশনার ও শিবির নেতাদের বারবার অনুরোধ করেছেন যাতে সংঘর্ষ না হয়। অথচ জামায়াতকে অন্যায্যভাবে ঘটনার সঙ্গে জড়িত করে ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রচারণা চালানো হয়েছে।’এর আগে লিখিত বক্তব্যে মুজাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আটক জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই মুক্তি দেওয়ার দাবি জানান। কেন ২৬ মার্চের আগে মুক্তি চাচ্ছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের আরও বেশি উদার হওয়া উচিত। অন্তত স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা রেখে সরকার আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানাবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জামায়াতের নেতারা মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি নারী নির্যাতন করেছেন। এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মুজাহিদ বলেন, ‘উনি যদি আমাদের উল্লেখ করে এ কথা বলে থাকেন, তাহলে আমরা বলব, একটি উদাহরণ দিয়ে বলুন, আমরা কে কোন নারীকে নির্যাতন করেছি।’