মুজাহিদ তখন ঘুমিয়েছিলেন!
গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার সময় শিবিরের নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার কথা অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তিনি দাবি করেছেন, সেই রাতে শিবিরের সভাপতি রেজাউল করিম তাঁকে ফোন করলেও তিনি ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে রেজাউলের সঙ্গে তাঁর কথা হয়।আজ বুধবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মুজাহিদ এসব দাবি করেন। সাংবাদিকেরা ঘটনার রাতে জনাব মুজাহিদ মোবাইল ফোনে শিবিরের নেতাদের সঙ্গে কথা বলার বিষয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, র্যাবের হেফাজতে থাকা শিবির নেতা ইকরাম হোসাইনকে পিটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার তাঁর, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ দলের অন্য নেতাদের নাম বলানো হয়েছে।মুজাহিদ বলেন, ‘বারবার টেলিফোনে যোগাযোগের কোনো রেকর্ড দেখাতে পারবে না। পরদিন সকালে খুলনায় ফজরের নামাজ পড়ার সময় জানতে পারলাম রাতে শিবিরের সভাপতি টেলিফোন করেছিল। পরে আমিই শিবিরের সভাপতিকে সকালে ফোন করেছি। ... ওই রাতে জামায়াতের কোনো নেতার সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের কোনো নেতার কথা হয়নি।’কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও একটি গোয়েন্দা বাহিনী ৮ ফেব্রুয়ারি রাতে শিবিরের সভাপতির কলের যে তালিকা সংগ্রহ করেছে, তাতে দেখা যায়, শিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল রাত দুইটা ২৩ মিনিটে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফোন করেন। এরপর রেজাউল একাধিকবার জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের সঙ্গে ফোনে কথা বলেন। আবার তার আগে রাত দুইটা ১৭ মিনিটে রফিকুল ইসলাম ফোন করেছিলেন জনাব মুজাহিদকে। তখন কথা বলেন ১৭৮ সেকেন্ড। মুজাহিদ নিজেও শিবির সভাপতিকে ফোন করেন ৯ ফেব্রুয়ারি ভোর সোয়া ছয়টায়। তালিকায় দেখা যায়, মুজাহিদ রাত দুইটা ১৭ মিনিট, দুইটা ২৩ মিনিট ও ভোরে শিবিরের সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোকে মুজাহিদ বলেন, ‘আমার ফোনটা আমার এপিএসের কাছেও থাকে। সে ওই রাতে কারও সঙ্গে কথা বলেছে কি না, তা আমি জানার চেষ্টা করব।’ অবশ্য আরেক প্রশ্নের জবাবে জনাব মুজাহিদ বলেছিলেন, তাঁর অনুমতি ছাড়া এপিএস (একান্ত ব্যক্তিগত সহকারী) কারও সঙ্গে কথা বলার কথা নয়।আজ সংবাদ সম্মেলনে এ পর্যায়ে একজন সাংবাদিক মুজাহিদকে বলেন, ওই রাতের ঘটনার বিষয়ে শিবিরের সভাপতি রেজাউল করিমের সঙ্গে তাঁর কথা হয়েছে। এ বক্তব্য পত্রিকাতেও ছাপা হয়েছে। রেজাউল করিম বলেছেন, ওই রাতেই মুজাহিদের সঙ্গে তাঁর মোবাইল ফোনে কথা হয়। জবাবে মুজাহিদ বলেন, ‘এটা হতে পারে না। রেজাউল করিম এ কথা বলতেই পারে না। ওই রাতে তাঁর সঙ্গে কোনো কথা হয়নি। আর যদি হয়েই থাকে, তাহলে কি তা উসকানি দেওয়া হতে পারে?‘ছাত্রশিবিরের সভাপতি এই ধরনের দাবি করতেই পারে না। ওই রাতে কোনো যোগাযোগ হয়নি। আমি পরদিন সকালে তাকে ফোন করে বলেছি, টেলিফোন করছিলা কি না। পরে সে আমাকে ঘটনা জানায়। সে বলে তেমন সমস্যা নাই, মাইনর (সামান্য) সমস্যা হয়েছে দুই পক্ষে। সকাল নয়টার সময় মিডিয়াতে ঘটনা দেখে আমি আবার ফোন করে বলেছি, তুমি তো বললা না। তখন সে বলেছে, আমিও সকাল আটটায় জেনেছি।’আরেক সময় মুজাহিদ বলেন, ‘মারামারি হলে টেলিফোনে কথা হতেই পারে। তাদের কাছে তো প্রযুক্তি আছে। তাহলে কী কথা হয়েছে তার রেকর্ড প্রকাশ করুক। ছাত্রশিবিরের সভাপতি সংঘর্ষ এড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান সাহেব ওই দিন প্রশাসনের ওসি, পুলিশ কমিশনার ও শিবির নেতাদের বারবার অনুরোধ করেছেন যাতে সংঘর্ষ না হয়। অথচ জামায়াতকে অন্যায্যভাবে ঘটনার সঙ্গে জড়িত করে ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রচারণা চালানো হয়েছে।’এর আগে লিখিত বক্তব্যে মুজাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার আটক জামায়াত-শিবিরের নেতা-কর্মীদেরকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই মুক্তি দেওয়ার দাবি জানান। কেন ২৬ মার্চের আগে মুক্তি চাচ্ছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের আরও বেশি উদার হওয়া উচিত। অন্তত স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা রেখে সরকার আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানাবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, জামায়াতের নেতারা মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি নারী নির্যাতন করেছেন। এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মুজাহিদ বলেন, ‘ওনি যদি আমাদেরকে উল্লেখ করে এ কথা বলে থাকনে, তাহলে আমরা বলব, একটি উদাহরণ দিয়ে বলুন আমরা কে কোনো নারীকে নির্যাতন করেছি।’