মুজাহিদ সারা দেশে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দেওয়া শুরু করেছেন রাষ্ট্রপক্ষের ১৭তম ও শেষ সাক্ষী আবদুর রাজ্জাক খান। তিনি এ মামলার তদন্তকারী কর্মকর্তা। তিনি বলেছেন, মুজাহিদ একাত্তরে আলবদর বাহিনীর কমান্ডার হিসেবে ফরিদপুরসহ সারা দেশে গণহত্যা, হত্যাসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুর রাজ্জাক খানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জবানবন্দিতে রাজ্জাক খান বলেন, এ মামলার তদন্ত শুরুর পর তিনি একাত্তরের ঐতিহাসিক পটভূমি এবং ওই সময়ে দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্র-পত্রিকা পর্যালোচনা করেন। তিনি দেখেন, একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজাহিদ পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি হিসেবে দেশের বিভিন্ন জেলায় গিয়ে পাকিস্তানি দখলদার বাহিনীকে সহায়তা করেছেন। সে সময় মুজাহিদ বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তৃতা দিয়ে শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের মনে ঘৃণা ও প্রতিহিংসার উদ্রেক করেন। তিনি একাত্তরে আলবদর বাহিনীর কমান্ডার হিসেবে ফরিদপুরসহ সারা দেশে গণহত্যা, হত্যাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।তদন্তকারী কর্মকর্তা বলেন, ফরিদপুরে তদন্তকালে তিনি জানতে পারেন, ১৯৬৮ থেকে ১৯৭০ সালে মুজাহিদ ফরিদপুর রাজেন্দ্র কলেজে লেখাপড়া করা অবস্থায় জেলা ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ফরিদপুরে ওই মামলা তদন্তকালে অনেক সাক্ষীর জবানবন্দি নিয়েছেন। যাঁরা মুজাহিদের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষের সাক্ষী। ওই সাক্ষীদের বক্তব্য একই হওয়ায় তাঁদের জবানবন্দির অনুলিপি তিনি নূর হোসেনের কাছ থেকে নিয়েছেন।জবানবন্দিতে আবদুর রাজ্জাক খান রাষ্ট্রপক্ষের বিভিন্ন সাক্ষীর নাম, সাক্ষ্য নেওয়ার দিন উল্লেখ করে স্থানের বর্ণনা দেন এবং মামলাসংশ্লিষ্ট বেশ কিছু নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মধ্যাহ্ন বিরতি হয়।বিরতির পর বেলা দুইটায় আবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে জবানবন্দি নেওয়ার জন্য সময়ের আবেদন জানান রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি আবুল কালাম। তিনি ট্রাইব্যুনালে বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান অসুস্থ বোধ করছেন। তাই তিনি আসতে পারেননি। ট্রাইব্যুনাল এই আবেদন গ্রহণ করেন এবং ২ এপ্রিল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।