জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী চিত্তরঞ্জন সাহা
মুজাহিদরা ফরিদপুরে শান্তি কমিটি গঠন করেন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী চিত্তরঞ্জন সাহা (৮০)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ২১ এপ্রিল ফরিদপুরে পাকিস্তানি সেনারা আসার পর মুজাহিদরা কয়েকজন মিলে শান্তি কমিটি গঠন করেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ চিত্তরঞ্জনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে চিত্তরঞ্জন সাহা বলেন, তাঁর বাড়ি ফরিদপুর সদর থানার বাকচর গ্রামে। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের পক্ষে প্রচারে অংশ নেন। ওই সময় মুজাহিদসহ আরও কিছু লোককে মুসলিম লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখেছেন। একাত্তরের ২১ এপ্রিল ফরিদপুরে পাকিস্তানি সেনারা ঢোকে। এরপর মুজাহিদরা কয়েকজন মিলে ফরিদপুরে শান্তি কমিটি গঠন করে। এর কয়েক দিন পর রাজাকার ও বিহারিরা বাকচরের সব ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এর পরও তাঁর বড় ভাই বাকচরে পোড়া টিন দিয়ে তৈরি একটি ঘরে থাকতেন। তিনি থাকতেন লক্ষ্মীপুর গ্রামের দেবেনের বাড়িতে এবং খলিলপুর বাজারে ব্যবসা করতেন। সাক্ষী বলেন, একাত্তরের ১৩ মে তিনি দোকান বন্ধ করে লক্ষ্মীপুরে যাওয়ার সময় দোকানের সামনে দিয়ে একটি খোলা জিপে ১০-১২ জনকে বোর্ড অফিসের দিকে যেতে দেখেন। তিনি বাজারের বিশিষ্ট লোকদের কাছে শোনেন, খলিলপুরে শান্তি কমিটির সভার জন্য ফরিদপুর থেকে শান্তি কমিটির লোকজন এসেছে। পরে আবার বাজারে গিয়ে লোকমান, আবদুস সামাদ, সোহরাব সর্দারের কাছে শোনেন, সভা শেষে শান্তি কমিটির লোক, বিহারি ও আলবদররা বাকচরের হিন্দু পল্লিতে হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে। তিনি বড় ভাইয়ের অবস্থা জানতে বাকচরে গেলে বাড়ির উঠানে ভাইয়ের বউ জানান, ভাইকে হত্যা করা হয়েছে। তিনি উঠানে তাঁর ভাই বীরেন সাহা, প্রফুল্ল মিত্র, নৃপেন সিকদার, বিনোদ মিত্র, শানু সাহাসহ আট-দশজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি শোনেন, তাঁর আরেক ভাই সুশীল সাহার বাড়িতে থাকা আত্মীয় ঝরনাকে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে। এরপর তিনি বাকচর ছেড়ে চলে যান।জবানবন্দির শেষ পর্যায়ে চিত্তরঞ্জন আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবির। একটি প্রশ্ন শেষে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত: একই ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। এ সময় আসামির কাঠগড়ায় কাদের মোল্লা হাজির ছিলেন।আসামিপক্ষের আইনজীবীকে বারবার সময় বেঁধে দেওয়ার পরও তিনি যুক্তি উপস্থাপন শেষ করতে না পারায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে আজ বুধবারের মধ্যে যুক্তি শেষ করতে বলেন। আসামিপক্ষ ৭ জানুয়ারি যুক্তি উপস্থাপন শুরু করে।