মুজাহিদের জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদেশে বলা হয়, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জামিন দেওয়ার কারণ হিসেবে তাঁর স্ত্রীর শারীরিক অসুস্থতা ও এতেকাফ পালনের কথা বলা হয়েছে। কিন্তু এটি জামিন দেওয়ার কোনো কারণ হতে পারে না। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ অনুসারে জামিনের কোনো বিধান নেই।আজ ট্রাইব্যুনালে মুজাহিদের জামিন আবেদনে শুনানি করেন তাঁর আইনজীবী নজরুল ইসলাম।নজরুল ইসলাম বলেন, মুজাহিদ ২০ বছর ধরে এতেকাফ পালন করে আসছেন। এ ছাড়া তাঁর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তিনি জামিন চান।কিন্তু এর জোরালো বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর ইকবাল হোসেন ও মোহাম্মদ আলী। মুজাহিদকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।