মুজাহিদের জামিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।কার্যক্রমের শুরুতে মুজাহিদের আইনজীবী নজরুল ইসলাম জামিন আবেদনের শুনানি করেন। তিনি বলেন, আসামি ২০ বছর ধরে পবিত্র রমজান মাসে ইতিকাফ পালন করছেন। এ ছাড়া তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ। এ জন্য তাঁর জামিন দরকার।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন ও মোহাম্মদ আলী জামিনের বিরোধিতা করে বলেন, মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলার এ পর্যায়ে তাঁকে জামিন দেওয়া যায় না।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন, যে কারণে জামিন চাওয়া হয়েছে তা ভিত্তিহীন। আসামি চাইলে কারাগারের মধ্যেই ইতিকাফ পালন করতে পারবেন। মামলার এ পর্যায়ে জামিন দেওয়ার সুযোগ নেই।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি জামিন পান না। মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৬ আগস্ট দিন ধার্য রয়েছে। গত ২১ জুন তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় এ ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন।কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীকে জেরা: একই ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ফকির আবদুল মান্নানকে গতকাল জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। কামারুজ্জামান আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। পরে ১৩ আগস্ট এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।