মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেছে। পরে রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তি খণ্ডন শুরু করেছে। আগামীকাল বুধবার তাঁদের যুক্তি খণ্ডন শেষ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর রায়ের দিন ধার্য করা হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যের সঙ্গে শহীদজননী জাহানারা ইমামের বইয়ে বর্ণিত ঘটনার মধ্যে পার্থক্য আছে। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষী যে পর্যন্ত গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, সেখানে লেখকের পৌঁছানো সম্ভব ছিল না।আবদুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পরও ওই সাক্ষী কখনো জাহানারা ইমামের সঙ্গে দেখা করে ওই ঘটনা বলেননি। আর লেখকের বইটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। তিনিও বইয়ের কোথাও মুজাহিদকে জড়িয়ে কিছু লেখেননি।রাজ্জাক বলেন, মুজাহিদের বিরুদ্ধে আনা চতুর্থ অভিযোগের কোনো সাক্ষ্য না থাকায় সেটি প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে রাজনৈতিকভাবে মামলা করা হয়েছে। তিনি সত্ রাজনৈতিক ব্যক্তিত্ব। ট্রাইব্যুনালে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। যুক্তি উপস্থাপনের এ পর্যায়ে আইনজীবী ট্রাইব্যুনালে বলেন, মুজাহিদ ট্রাইব্যুনালে কিছু বলতে চান। ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি তাঁর কাছে শুনে এসে আমাদের জানান।’পরে আবদুর রাজ্জাক মুজাহিদের সঙ্গে কথা বলে ট্রাইব্যুনালে বলেন, মুজাহিদ বলেছেন, তিনি একজন ‘অসহায় মানুষ’। রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে অনেক কিছু লিখেছে। তাঁর বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হচ্ছে। তিনি বলেছেন, গণমাধ্যমই তাঁর বিচার করেছে, গণমাধ্যমই তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তিনি বিশ্বাস করেন, তিনি সুবিচার পাবেন।আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ আসামিপক্ষের যুক্তি খণ্ডন শুরু করেন। তিনি বলেন, আসামিপক্ষ যুক্তিতে বলেছে, মুজাহিদের সংশ্লিষ্টতা প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ কোনো শক্ত নথি উপস্থাপন করতে পারেনি। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইনে অপরাধ প্রমাণ করতে শক্ত নথি উপস্থাপন করার বিষয়টি জরুরি নয়। গণমাধ্যমকে জড়িয়ে আসামিপক্ষের বক্তব্যও সঠিক নয় বলে উল্লেখ করেন কৌঁসুলি। কৌঁসুলি বলেন, আসামিপক্ষের ব্যাখ্যা অনুসারে কোনো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও আলোকচিত্রই কেবল নথি হিসেবে গ্রহণযোগ্য হতে পারে; কিন্তু আইন তা বলে না। এতে উপসম্পাদকীয়ও আমলে আসতে পারে। একাত্তরের দিনগুলি বইটির আইনি গ্রহণযোগ্যতা কতটুকু তাও ভেবে দেখতে হবে। বইটিতে লেখক তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শক্তি সাহার প্রসঙ্গে কৌঁসুলি বলেন, সাক্ষী দেশে থাকেন না বিদেশে থাকেন, তাতে তাঁর সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় না।যুক্তি খণ্ডন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল এবং রাষ্ট্রপক্ষকে ওই দিনের মধ্যে আইনি জবাব শেষ করতে বলেন।