জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। জবানবন্দিতে তিনি বলেন, মুজাহিদের পাশাপাশি তাঁর দল জামায়াত এবং এর সহযোগী রাজাকার, আলবদর, আলশামস বাহিনীরও বিচার হওয়া উচিত।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাহরিয়ার কবির প্রায় তিন ঘণ্টা জবানবন্দি দেন। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী।এদিকে মুজাহিদের পক্ষে এক হাজার ৩১৫ জন সাক্ষীর তালিকা গতকাল ট্রাইব্যুনালে জমা দিয়েছে আসামিপক্ষ। তাঁর আইনজীবী মুন্সী আহসান কবীর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।আসামির কাঠগড়ায় মুজাহিদের উপস্থিতিতে শাহরিয়ার কবিরের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেসুর রহমান। জবানবন্দিতে শাহরিয়ার কবির বলেন, একাত্তরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। ২ মে পর্যন্ত তিনি তাঁদের মহাখালীর বাড়িতে ছিলেন, এরপর মুক্তিযুদ্ধে যোগ দেন। জবানবন্দিতে তিনি দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তি ও পাকিস্তানের উদ্ভব এবং মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরেন।রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী বলেন, একাত্তরের ২৫ মার্চ গণহত্যার সূচনাপর্বে দেখা গেছে, পাকিস্তানের কয়েকটি দক্ষিণপন্থী, মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল টিক্কা খানের সঙ্গে দেখা করেন। ৪ এপ্রিল ওই সাক্ষাতের সময় পিডিপির (পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি) প্রধান নূরুল আমিন, জামায়াতের প্রধান গোলাম আযম, মুসলিম লীগ এবং নেজামী ইসলামের নেতারা ছিলেন। এই চারটি দলের মধ্যে জামায়াত সাংগঠনিক শক্তির কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এসব দলের নেতারা পাকিস্তানের সামরিক জান্তার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। গণহত্যা সংঘটনে পাকিস্তানি সেনাদের প্ররোচিত ও উদ্বুদ্ধ করেছেন। আরও বেশি সহযোগিতার প্রয়োজনে তাঁরা ৯ এপ্রিল শান্তি কমিটি গঠন করেন।শাহরিয়ার কবির জবানবন্দিতে বলেন, শান্তি কমিটির ওপর জামায়াতের নিরঙ্কুশ কর্তৃত্ব ছিল না। নিজেদের অধীনে একটি ঘাতক বাহিনী গঠন করার প্রয়োজনে তারা আলবদর ও রাজাকার বাহিনী গঠন করেছিল। জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের যেসব নেতার ওপর আলবদর বাহিনীর দায়িত্ব ছিল, এই মামলার আসামি মুজাহিদ তাঁদের অন্যতম। সে সময় পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী ও প্রাদেশিক সভাপতি ছিলেন মুজাহিদ। জামায়াতের নেতা মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী প্রমুখ ছাত্র সংঘ ও আলবদরের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা ছিলেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, জামায়াতের যে ঐতিহাসিকেরা আলবদরের ইতিহাস লিখেছেন, তাঁরা দলের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ডের বিবরণ দিলেও নেতৃত্বের পুরো কাঠামো সম্পর্কে কিছু লেখেননি। কিন্তু সেলিম মনসুর খালেদের (জামায়াতের একজন ঐতিহাসিক) বই আলবদর এবং অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে এ কথা বলা যায়, একাত্তরে ছাত্র সংঘ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আলবদর বাহিনীতে রূপান্তরিত হয়েছিল। আলবদরের নেতা হিসেবে নিজামী ও মুজাহিদের কর্মকাণ্ডের অসংখ্য বিবরণ পাওয়া যাবে একাত্তরের সংগ্রাম ও অন্যান্য পত্রিকায়। যেমন, একাত্তরের ৭ নভেম্বর বদর দিবস পালন উপলক্ষে আলবদরদের সমাবেশে মুজাহিদ তাঁর ভাষায় ‘পাকিস্তান ও ইসলামের দুশমন’ ও ‘ভারতীয় এজেন্টদের’ খতম করার শপথ নেন। একাত্তরে পাকিস্তানি সেনা ও তাদের প্রধান সহযোগী জামায়াত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ‘দুষ্কৃতকারী’, ‘ইসলামের শক্তি’, ‘ভারতের এজেন্ট’, ‘জারজ সন্তান’ প্রভৃতি বলত। জামায়াতের নেতারা বলেছেন, পাকিস্তানের হেফাজতের জন্য জিহাদ করতে হবে। এই জিহাদ ছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। জামায়াতের নেতারা ইসলাম ও পাকিস্তান রক্ষার দোহাই দিয়ে একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধকে বৈধতা দিয়েছেন।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর সবচেয়ে নৃশংস ঘটনা ছিল সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা। একাত্তরের ১৫ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত তালিকা তৈরি করে আলবদর সদস্যরা হাজার হাজার বুদ্ধিজীবী ও পেশাজীবীকে হত্যা করে। আমার আপন জেঠাতো ভাই শহীদুল্লা কায়সার ছিলেন পাকিস্তানের একজন অগ্রগণ্য লেখক ও সাংবাদিক। ১৪ ডিসেম্বর আলবদররা তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি হানাদারকবলিত মিরপুর মুক্ত করতে গিয়ে মুক্তিবাহিনীর শতাধিক সদস্যের সঙ্গে শহীদ হন আমার আরেক জেঠতুতো ভাই চলচ্চিত্র নির্মাতা ও লেখক জহির রায়হান। তিনি বুদ্ধিজীবী হত্যার তদন্তের জন্য একটি নাগরিক কমিশন গঠন করেছিলেন। একাত্তরের ডিসেম্বরের শেষ সপ্তাহে এই কমিশনের সংবাদ সম্মেলনে তিনি মুক্তিযুদ্ধকালের নজিরবিহীন হত্যাকাণ্ডের জন্য আলবদর বাহিনীকে দায়ী করেন।’শাহরিয়ার কবির বলেন, জামায়াতের প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায় এবং নেতৃত্বে একাত্তরে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। জামায়াতের স্থানীয় নেতা খালেক মজুমদার শহীদুল্লা কায়সারকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু খালেক মজুমদারের সঙ্গে শহীদুল্লা কায়সারের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। জামায়াতের হাইকমান্ডের নির্দেশে ঘাতক বাহিনী রাজাকার, আলবদর, আলশামস বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে। তিনি বলেন, আলবদর গ্রন্থের লেখক জনৈক আলবদরকে উদ্ধৃত করে লিখেছেন, ‘একাত্তরে পাকিস্তানি সেনারা অস্ত্র সমর্পণ করেছিল, কিন্তু আলবদররা অস্ত্র সমর্পণ করেনি। তারা বাংলাদেশের রাজনীতিতে এখনো সক্রিয়। বঙ্গবন্ধুকে হত্যার পর তাদেরই জন্য সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে।’জবানবন্দি শেষে আসামির কাঠগড়ায় দাঁড়ানো মুজাহিদকে শনাক্ত করেন শাহরিয়ার কবির। এ সময় তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না, রাষ্ট্র বলে কিছু থাকবে না।এরপর আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম একটি প্রশ্ন করে শাহরিয়ার কবিরকে জেরা শুরু করেন। ৩০ আগস্ট জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।