মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। আদেশে বলা হয়, মুজাহিদের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে ট্রাইব্যুনাল প্রাথমিক অভিযোগ পেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২), ৪(১) ও ৪(২) ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো।ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষকে সরবরাহের জন্য মামলার নথিপত্র রাষ্ট্রপক্ষকে ৩১ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। আসামিপক্ষ ১ ফেব্রুয়ারি এসব নথিপত্র ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় থেকে সংগ্রহ করবে।সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর আগেই মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষ গত বছরের ২৮ ডিসেম্বর মুজাহিদের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা সুবিন্যস্ত করে ১৬ জানুয়ারির মধ্যে পুনর্দাখিলের আদেশ দেন। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ ১৬ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৩৪টি অভিযোগসংবলিত আনুষ্ঠানিক অভিযোগ পুনর্দাখিল করে। এতে তাঁর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ (হত্যা, অগ্নিসংযোগ, লুট, নির্যাতন প্রভৃতি), গণহত্যা—এসব অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী মো. রবিউল আনাম খানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল-মালুমের আরজির পরিপ্রেক্ষিতে বেলা দুইটায় রবিউলের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।রবিউল আনাম প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ক্যাটালগার। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী মামলার নথি হিসেবে জব্দ করা কয়েকটি পত্রিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো তাঁর উপস্থিতিতে জব্দ করা হয়। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম আপত্তি জানিয়ে বলেন, ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিমালার ৫৪ ও ৫৫ বিধি অনুসারে ওই দলিলের প্রণেতা বা হেফাজতকারীকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে হবে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ওই বিধি হাতে লেখা দলিলের কথা চিন্তা করে করা হয়েছে। মিজানুল বলেন, সেটি বিধিতে উল্লেখ থাকতে হবে। প্রায় দেড় ঘণ্টা এ বিষয়ে যুক্তি-তর্ক হয়। বিকেল চারটার দিকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই ট্রাইব্যুনালের কার্যক্রম ২৯ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। সেদিন ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।