মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ পুনর্দাখিল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পুনর্দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগ পুনর্দাখিল করেন। গত ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ সুবিন্যস্ত করে পুনর্দাখিলের আদেশ দিয়েছিলেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া বিষয়ে আদেশের জন্য ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন।সকালে মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদন আসামি পক্ষকে সরবরাহের জন্য একটি আবেদনের শুনানি আজ অনুুষ্ঠিত হয়েছে। ট্রাইব্যুনাল আগামী রোববার এ বিষয়ে আদেশ দেবেন।আবেদনটির ওপর আসামি পক্ষে আইনজীবী তাজুল ইসলাম ও মিজানুর ইসলাম এবং রাষ্ট্র্রপক্ষে সৈয়দ হায়দার আলী ও মোহাম্মদ আলী শুনানি করেন।