মুজাহিদের বিরুদ্ধে জেরা শেষ করার তাগিদ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানের জেরা আগামীকাল সোমবারের মধ্যে আসামিপক্ষকে শেষ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রোববার এ কথা বলেন।আজ আবদুর রাজ্জাক খানকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জেরায় সৈয়দ মিজানুর রহমান তদন্ত কর্মকর্তাকে রাষ্ট্রপক্ষের কোন সাক্ষীর জবানবন্দি কোথায় গ্রহণ করেছেন সে-সংক্রান্ত প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক খান বলেন, ফকিরাপুলের গরম পানির গলিতে তিনি ওয়াজেদ আলী নামের একজনের জবানবন্দি গ্রহণের সময় জানতে পারেন, একাত্তরে ফিরোজ মেম্বারের বাড়ির আনুমানিক ৫০ গজ পশ্চিমে ১৫ নম্বর হোল্ডিংয়ে (বর্তমানে ৪৮/১-১ পুরানা পল্টন) ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) কার্যালয় ছিল। বর্তমানে ওই ঠিকানায় জামায়াতের বর্তমান ছাত্র সংগঠন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।এ সময় আইনজীবী সাক্ষীকে বলেন, ওই একই ভবনে আওয়ামী লীগেরও কার্যালয় ছিল, এটা জানেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘না’।শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে শাহীন রেজা নূর ছাড়া ওই পরিবারের আর কারও জবানবন্দি নিয়েছেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘না’। আনিসুল হকের লেখা ‘মা’ বইটির বিষয়ে লেখককে কি জিজ্ঞাসাবাদ করেছিলেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী ‘না সূচক’ জবাব দেন।‘আলবদর’ বইয়ের প্রসঙ্গে আবদুর রাজ্জাক খান বলেন, ওই বইটির ১৩৫-১৩৬ পৃষ্ঠায় ১৬ ডিসেম্বর পর্যন্ত আলবদর কী অবস্থায় ছিল, তা বিবৃত করেছিলেন তত্কালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের নাজেম (সভাপতি)। জেরা অসমাপ্ত অবস্থায় আসামিপক্ষ এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করার আরজি জানিয়ে বলে, মুজাহিদের সঙ্গে আইনজীবীদের কথা বলা প্রয়োজন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘জেরা শেষে আজই কথা বলুন। আর যদি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করতে চান তাহলে আপনাদের কথা দিতে হবে, ওই দিন যেকোনো অবস্থায় ট্রাইব্যুনালে আসবেন।’ পরে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান এবং মুন্সি আহসান কবির মুজাহিদের সঙ্গে কথা বলার জন্য ট্রাইব্যুনালের কাছে ৪০ মিনিট সময় আবেদন করেন। ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করে কাল সোমবারের মধ্যে আসামিপক্ষকে জেরা শেষ করতে বলেন।