মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শুরু
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের ১৭তম ও শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান। জবানবন্দি দেওয়ার প্রথম দিনে তিনি বলেছেন, মুজাহিদ একাত্তরে আলবদর বাহিনীর কমান্ডার হিসেবে ফরিদপুরসহ সারা দেশে গণহত্যা, হত্যাসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুর রাজ্জাক খানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুর রাজ্জাক খান বলেন, তিনি মামলার তদন্ত শুরু করার পর একাত্তরের ঐতিহাসিক পটভূমি এবং ওই সময়ের ‘দৈনিক সংগ্রাম’সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করেন। তিনি দেখেছেন, একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজাহিদ পূর্ব পাকিস্তানের ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) সভাপতি হিসেবে বিভিন্ন জেলা সফর করে পাকিস্তানি দখলদার বাহিনীর পক্ষে জনমত গঠনে সহায়তা করেছেন। এ সময় মুজাহিদ বিভিন্ন জনসভায় উসকানিমূলক বক্তৃতা দিয়ে বাংলাদেশ সম্পর্কে শান্তি কমিটি, রাজাকার, আলবদর এবং আলশামস বাহিনীর সদস্যদের মনে ঘৃণা ও প্রতিহিংসা জাগিয়ে তোলেন।ফরিদপুরে মুজাহিদের কর্মতত্পরতা বিষয়ে খোঁজ করতে গিয়ে আবদুর রাজ্জাক খান দেখেছেন, ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ফরিদপুর রাজেন্দ্র কলেজে লেখাপড়া করা অবস্থায় মুজাহিদ ফরিদপুর জেলা ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেন ফরিদপুরে আযাদের তত্পরতা বিষয়ে যখন তদন্ত চালাচ্ছিলেন, তখন তিনি অনেকের জবানবন্দি নিয়েছিলেন। এ জবানবন্দি দেওয়া ব্যক্তিরা মুজাহিদের বিরুদ্ধে চলমান মামলায়ও রাষ্ট্রপক্ষের সাক্ষী। ফরিদপুরে মানবতাবিরোধী কর্মকাণ্ড বিষয়ে তাঁদের দেওয়া বক্তব্য একই হওয়ার কারণে আবদুর রাজ্জাক খান নূর হোসেনের কাছ থেকে ওইসব জবানবন্দি গ্রহণ করেন।এ পর্যায়ে আবদুর রাজ্জাক খান রাষ্ট্রপক্ষের বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার দিন ও স্থানের নাম বলেন এবং মামলাসংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র ও নথি উপস্থাপন করেন। বেলা একটায় মধ্যাহ্নবিরতির পর ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হলে রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি আবুল কালাম ট্রাইব্যুনালে বলেন, মোকলেছুর রহমান অসুস্থ বোধ করছেন, তাই জবানবন্দি দেওয়ার জন্য তাঁর সময়ের প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করেন এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।