জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ আসামিপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন শেষ করেন। এ সময় মুজাহিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে রাষ্ট্রপক্ষ। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন মুজাহিদ।এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চতুর্থ রায়। এর আগে জামায়াতের সাবেক নেতা আবুল কালাম আযাদ, জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেন এই ট্রাইব্যুনাল।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মুজাহিদের বিরুদ্ধে ২০১১ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল তা ফেরত দিয়ে সুবিন্যস্ত করে পুনর্দাখিলের আদেশ দিলে চলতি বছরের ১৬ জানুয়ারি অভিযোগ পুনর্দাখিল করা হয়। ২৬ জানুয়ারি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২৫ এপ্রিল এই মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। এই ট্রাইব্যুনালে নতুন করে অভিযোগের বিষয়ে শুনানি হয়।গণহত্যা, অপহরণ করে বন্দী রাখা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটন ও এসব অপরাধে সহযোগিতা, প্ররোচনা, উসকানি দেওয়ার সাতটি অভিযোগ আনা হয়েছে মুজাহিদের বিরুদ্ধে।